Ekattorer Kotha
রবিবার , ১৫ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেটে গুজব ছড়ানোর দুই দিন পর গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন

                       
                   

সিলেট নগরীর উপশহরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা কার্যালয়ের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। এতে জোনাল অফিসারের গাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কার্যালয়ের বেশ কিছু জরুরি কাগজপত্র পুড়ে গেছে।
এ ঘটনার দুই দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ও ভিডিও ব্যবহার করে একই কার্যালয়ে আগুন দেওয়ার গুজব ছড়ানো হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বাস্তবেই কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠল।
জোনাল অফিসার আবুল হোসেন জানান, রোববার ভোররাত পৌনে ৪টার দিকে কার্যালয়ের পাহারাদার ফোন করে আগুন লাগার খবর দেন। পরে তিনি কয়েকজন কর্মচারীকে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পানি দিয়ে আগুন নেভান। এর কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উপস্থিত হন।
তিনি জানান, আগুনে জোনাল অফিসারের গাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কার্যালয়ের বেশ কিছু জরুরি কাগজপত্র পুড়ে গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ আশপাশের কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করেছে।
আবুল হোসেন বলেন, দুই দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কার্যালয়ে আগুন দেওয়ার খবর ছড়ানো হয়েছিল। সেটি ছিল সম্পূর্ণ গুজব। অথচ শনিবার রাতে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা সত্যিই কার্যালয়ে আগুন দিয়েছে।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুজিবুর রহমান বলেন, কার্যালয় সংশ্লিষ্টদের ভাষ্যমতে, রাত পৌনে ৪টার দিকে দুষ্কৃতিকারীরা ভেতরে প্রবেশ করে আগুন দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে।
তিনি আরও বলেন, সংগ্রহ করা ফুটেজে ঘটনার আগে কাউকে দেখা যায়নি। ভোর ৫টার পর মানুষের চলাচল দেখা গেছে। তবে কার্যালয় সংশ্লিষ্টদের দাবি অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ভোর ৪টার আগেই। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
সিলেট ফায়ার সার্ভিসের দায়িত্বরত এক কর্মকর্তা জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। তবে তার আগেই কার্যালয়ের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে। এ ঘটনায় অগ্নিসংযোগের অভিযোগের সত্যতা, ঘটনার পেছনের কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত