
দীর্ঘ ১৮ বছর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনের পর অবসরে যাচ্ছেন বিমানবন্দরটির পরিচালক মো. হাফিজ আহমেদ। তাঁর কর্মজীবনের অবসরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা ও সম্মাননা জানানো হয়েছে।
বুধবার রাত ৯টায় নগরীর একটি রেস্টুরেন্টের হলরুমে এয়ারলাইন্স ক্লাব অব সিলেট আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি খন্দকার সিপার আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ জিহান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বিদায়ী বিমানবন্দর পরিচালক মো. হাফিজ আহমেদ। এ সময় ক্লাবের পক্ষ থেকে তাঁকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
সভাপতির বক্তব্যে খন্দকার সিপার আহমেদ বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটবাসীর আবেগ ও ভালোবাসার জায়গা। কর্মজীবনে হাফিজ আহমেদ যাত্রীসেবার মানোন্নয়নে যেসব উদ্যোগ নিয়েছেন, তা প্রশংসার দাবিদার। বিশেষ করে প্রবাসীরা যাতে বিমানবন্দরে সম্মানজনক ও আন্তরিক সেবা পান, সে লক্ষ্যে তাঁর নিষ্ঠা ও আন্তরিকতার কথা স্মরণীয় হয়ে থাকবে। অবসরজনিত বিদায় দুঃখজনক হলেও এয়ারলাইন্স ক্লাব অব সিলেটের সঙ্গে তাঁর সুসম্পর্ক ও আন্তরিকতা সবসময় মনে রাখবেন তাঁরা।
বিদায়ী বক্তব্যে মো. হাফিজ আহমেদ বলেন, সিলেটে আসা মানুষের আনন্দ ও উচ্ছ¡াস তাঁকে সবসময় মুগ্ধ করেছে। বিমানবন্দরের বর্তমান অবস্থানের পেছনে এয়ারলাইন্স ক্লাব, কর্মকর্তা-কর্মচারী, যাত্রী ও সংশ্লিষ্ট অংশীজনদের সম্মিলিত অবদান রয়েছে। সবার সহযোগিতা ছাড়া এ সাফল্য অর্জন সম্ভব হতো না।
তিনি বলেন, একজন যাত্রীর যেমন অধিকার রয়েছে, তেমনি দায়িত্বও রয়েছে। সংশ্লিষ্ট সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলে যাত্রীসেবার মান আরও উন্নত হবে। বিভিন্ন দেশের প্রতিনিধিরাও ওসমানী বিমানবন্দরের পরিবেশ ও ব্যবস্থাপনার প্রশংসা করেছেন, যা সম্মিলিত প্রচেষ্টার ফল। বিমানবন্দরের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহŸান জানিয়ে তিনি কর্মজীবনে সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অবসর-পরবর্তী জীবনের জন্য দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সালাম এয়ারের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার মুহাম্মদ আরিফুল ইসলাম (রাজন) ও ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন হুমায়ুন কবির, আব্দুল্লাহ জাহেদ, আব্দুল্লাহ আল হারুন, মো. মারুফ আহমেদ, আফসার আলম, মোরশেদ ফখরুল, মো. বদরুল আলম, মোহাম্মদ বোরহান উদ্দিন, সেলিম আল রাজী, মো. হামেদ বিন হানিফ, পঙ্কজ কুমার বড়ুয়া, মো. মুসা আহমেদ রবিন ও সাব্বির আহমদ মুন্নাসহ অনেকে।
এদিকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আয়োজিত আরেকটি বিদায় সংবর্ধনায়ও হাফিজ আহমেদকে সম্মাননা জানানো হয়। এয়ারলাইন্স ক্লাব অব ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পক্ষ থেকে তাঁকে ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানে ক্লাবের সভাপতি সৈয়দ বেলায়েত আলী লিমন, সাধারণ সম্পাদক মোর্শেদ ফখরুল চৌধুরী, সাবেক সভাপতি রাগীব রহমান, সাবেক সাধারণ সম্পাদক মারজান আহমদ চৌধুরী, সহসভাপতি সাদিকুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ তঊসিফ ইসমাইল চৌধুরী, মাহমুদা লিপি, সালেক মিয়া, জুবায়ের আহমদ ও সৈয়দ এহসান আহমদ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা হাফিজ আহমেদের পেশাদারিত্ব, কর্মজীবনের সাফল্য ও সহকর্মীদের সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্কের কথা তুলে ধরেন। তাঁরা তাঁর অবসর-পরবর্তী জীবনের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।




















