
নগরের উপশহরে জেলা নির্বাচন কর্মকর্তার ব্যক্তিগত গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্ত গাড়িটি পরিদর্শন করেন এমদাদ হোসেন চৌধুরী। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা তার সঙ্গে ছিলেন। পরিদর্শনকালে এমদাদ হোসেন চৌধুরী বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের শান্ত পরিবেশ ঘোলাটে করতে একের পর এক নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সরকারি কর্মকর্তার ব্যক্তিগত গাড়িতে হামলার ঘটনা চরম নিন্দনীয়।
তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও স্থানীয়ভাবে তদন্ত করে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে হবে। তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে নগরবাসীকে এ ধরনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক থাকার অনুরোধ জানান।




















