
বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ নতুন প্রজন্মই আগামীর স্মার্ট, সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেন, বিজ্ঞান উৎসব শিক্ষার্থীদের সৃজনশীলতা, মেধা ও উদ্ভাবনী চিন্তা বিকাশের সুযোগ তৈরি করে। প্রচলিত চিন্তার বাইরে গিয়ে প্রশ্ন করতে, নতুন কিছু ভাবতে এবং বড় স্বপ্ন দেখতে হবে শিক্ষার্থীদের। তাদের ছোট ছোট চিন্তা থেকেই ভবিষ্যতে বড় আবিষ্কারের সূচনা হতে পারে।
সোমবার সকাল ১১টায় নগরীর কুমারপাড়ার একটি কমিউনিটি সেন্টারে উইমেন্স মডেল কলেজ সিলেট আয়োজিত ‘ডব্লিউএমসি বিজ্ঞান উৎসব-২০২৬’ ও বিজ্ঞানবিষয়ক বইমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উৎসবের প্রতিপাদ্য ছিল ‘আজকের মেয়েরাই উড়াবে ভবিষ্যৎ স্বপ্নের নিশান’।
অভিভাবকদের উদ্দেশে কয়েস লোদী বলেন, সন্তানদের ওপর নিজেদের পছন্দ বা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া উচিত নয়। বরং তাদের আগ্রহ, পছন্দ ও মেধা চিহ্নিত করে সে অনুযায়ী এগিয়ে যেতে উৎসাহ ও সহযোগিতা করতে হবে। কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইএসডি ফাউন্ডেশনের ট্রাস্টি মাসুদে রাব্বানী, কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপালি রানী বিশ্বাস এবং ইএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মনসুর আহমদ লস্কর। কলেজের আইসিটি বিভাগের সিনিয়র প্রভাষক আবু তালহা পাপ্পু অনুষ্ঠান সঞ্চালনা করেন। শুরুতে স্বাগত বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ ও সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা। শুভেচ্ছা বক্তব্য দেন স্কুল ইনচার্জ ও সহকারী অধ্যাপক মরিয়মুন্নেছা মল্লিকা।
উৎসবে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ২০টি বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী মডেল প্রদর্শন করে। জলবায়ু পরিবর্তন, পরিবেশ সুরক্ষা, প্রযুক্তি ও দৈনন্দিন সমস্যার সমাধান নিয়ে তৈরি এসব মডেলের মধ্যে ছিল বায়ুদূষণ নিয়ন্ত্রণ, কারখানার ধোঁয়া পরিশোধন, প্লাস্টিক ও বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, পানিচক্র, বন্যার আগাম সতর্কবার্তা, স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণব্যবস্থা, জৈব সার উৎপাদন, স্মার্ট ড্রেনেজ ব্যবস্থাপনা, নারীর নিরাপত্তা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং কণ্ঠনিয়ন্ত্রিত কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট।
সমাপনী পর্বে স্কুল ও কলেজ বিভাগে পৃথকভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে যথাক্রমে পাঁচ হাজার, তিন হাজার ও দুই হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া সব অংশগ্রহণকারীকে সনদ দেওয়া হয়। অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, লেখক, সাংবাদিক, সমাজকর্মী, অভিভাবক ও কলেজের সাবেক শিক্ষকেরা উপস্থিত ছিলেন।



















