
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আগামী নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা প্রণয়ন ও সদস্যপদ যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়েছে। এ লক্ষ্যে গঠিত ছয় সদস্যের সহায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় চেম্বারের বোর্ডরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চেম্বারের প্রশাসক এজাজ আহমদ চৌধুরী।
সভায় প্রশাসক বলেন, অতীতে ভোটার তালিকা নিয়ে সদস্যদের আপত্তি থাকায় এবার সদস্যপদগুলো যথাযথভাবে যাচাই-বাছাই করে সুষ্ঠু ভোটার তালিকা তৈরি করা হবে। অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যেই বাণিজ্য মন্ত্রণালয় তাঁকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। মন্ত্রণালয়ের স্মারকে দেওয়া নির্দেশনা অনুসারে সহায়ক কমিটি গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে সব সদস্যপ্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স, আয়করসংক্রান্ত নথি ও অন্যান্য কাগজপত্র যাচাই করা হবে।
সহায়ক কমিটির সদস্যরা বলেন, অতীতে ভোটার তালিকা নিয়ে সৃষ্ট বিতর্ক চেম্বারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এসব বিতর্কের অবসান ঘটিয়ে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে তাঁরা প্রশাসককে সর্বাত্মক সহযোগিতা করবেন। পাশাপাশি ব্যবসায়ীদের সমস্যা সমাধানে কাজ করতে হবে, যাতে ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক ও সচল থাকে।
সভায় বক্তব্য দেন সহায়ক কমিটির সদস্য, সিলেট চেম্বারের সাবেক সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক খন্দকার সিপার আহমদ, সাবেক সহসভাপতি ইফতেখার আহমদ সোহেল, সাবেক পরিচালক আমিরুজ্জামান চৌধুরী, সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মো. সায়েম আহমদ, সাবেক পরিচালক মো. বশিরুল হক এবং শহীদ আহমদ চৌধুরী




















