পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হলেও দায়িত্বে বিরতি নেই প্রধানমন্ত্রীর। মঙ্গলবার বেলা ১১টার দিকে সচিবালয়ে নিজ দপ্তরে উপস্থিত হয়ে নিয়মিত কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সচিবালয়ের এক নম্বর ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দিনের কর্মসূচিতে মন্ত্রিসভার বৈঠক ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ সাক্ষাৎ নির্ধারিত রয়েছে। ঈদের ছুটির মধ্যেও সরকারি কাজকর্ম সচল রাখতে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এদিকে মঙ্গলবার থেকেই শুরু হয়েছে পবিত্র ঈদুল ফিতর–এর টানা ছুটি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে উদযাপিত হতে পারে মুসলমানদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব।
ঈদকে সামনে রেখে ইতোমধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। সড়ক, রেল ও নৌপথে বাড়ি ফেরার চাপ বাড়তে শুরু করেছে। তবে ছুটির মধ্যেও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কার্যক্রম সচল রাখতে প্রধানমন্ত্রীর এমন অফিস করা প্রশাসনে বাড়তি গুরুত্ব বহন করছে।
AD/একাত্তরের কথা





















