
সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন প্রবাসীকল্যাণ ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার রাতে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তিনি সিলেট নগরের কুমারপাড়ার বাসায় ফেরেন। পরে রোববার সকালে বিমানযোগে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে মন্ত্রীর সহকারী সোহেল আহমদ বলেন, ‘মন্ত্রী মহোদয় এখন অনেকটাই সুস্থ। শনিবার রাতে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কুমারপাড়ার বাসায় আসেন। রোববার সকাল সাড়ে ১১টার ফ্লাইটে তিনি ঢাকায় চলে গেছেন।’
জানা যায়, শুক্রবার সিলেট সফরে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আরিফুল হক চৌধুরী। সকালে নিজ নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জে যাওয়ার পর বুকে ব্যথা ও শরীরে ঝিমঝিম অনুভব করলে দ্রুত তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
পরে নগরের মাউন্ট এডোরা হাসপাতালে ডা. শিশির বসাক ও ডা. নজরুল ইসলামের অধীনে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি বিশ্রামে থাকার পরামর্শ দেন।
শারীরিক অসুস্থতার কারণে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলা সফর বাতিল করেন সিলেটের এই সংসদ সদস্য।
হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর ঢাকায় ফিরে গেছেন তিনি। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন সহকারী সোহেল আহমদ।




















