
সিলেটের দক্ষিণ সুরমায় নিজ বাসার বাথরুম থেকে মো. নুরুল ইসলাম (৬৫) নামে এক আমেরিকাপ্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কায়স্থরাইল এলাকার একটি বাসার দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নুরুল ইসলাম কায়স্থরাইল এলাকার ২ নম্বর রোডের ২৫ নম্বর বাসার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। স্থানীয় সূত্র জানায়, বাসার বাথরুমে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ পড়ে ছিল। পাশে রান্নাঘরে ব্যবহৃত একটি দাও পাওয়া যায়।
ওই বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন নুরুল ইসলাম। শুক্রবার সকালে দ্বিতীয় তলায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে দক্ষিণ সুরমা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের তদন্ত চলছে।




















