
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বর্ধিত ওয়ার্ডগুলোতে নাগরিক সুবিধা বাড়াতে কয়েক ধাপে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দক্ষিণ সুরমার ছয়টি ওয়ার্ডে ইতোমধ্যে ৭৩ কোটি টাকার কাজ শেষ হয়েছে। আরও ৬৩ কোটি টাকার কাজ চলমান রয়েছে। পাশাপাশি ১৩৬ কোটি টাকার প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং ২০৬ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা রয়েছে।
বুধবার বিকেলে দক্ষিণ সুরমার ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, টেকসইকরণ এবং হোল্ডিং ট্যাক্স চালুসহ বিভিন্ন বিষয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সিসিকের সচিব মো. আশিক নূরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেবসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।




















