
সুস্থ জীবনযাপন, রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ও হাইজিন এবং দাপ্তরিক কর্মকাণ্ড’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা, দৈনন্দিন স্বাস্থ্যবিধি অনুসরণ, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং দাপ্তরিক কর্মপরিবেশ স্বাস্থ্যসম্মত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রশিক্ষণ সেশনে বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম। তিনি পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা, রোগ প্রতিরোধে স্বাস্থ্যবিধির ভূমিকা এবং ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক জীবনে পরিচ্ছন্নতার চর্চা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, পরিচ্ছন্নতা কেবল শরীর বা পোশাক পরিষ্কার রাখার মধ্যে সীমাবদ্ধ নয়। নিজের ঘরবাড়ি, কর্মস্থল এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখাও এর গুরুত্বপূর্ণ অংশ। নিয়মিত স্বাস্থ্যবিধি অনুসরণ করলে ভাইরাস, ব্যাকটেরিয়া ও অন্যান্য জীবাণুর সংক্রমণ থেকে অনেকাংশে সুরক্ষিত থাকা সম্ভব। ডায়রিয়া, জন্ডিস, ফ্লু ও ত্বকের বিভিন্ন সংক্রমণের ঝুঁকি কমাতে ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিকল্প নেই।
প্রশিক্ষণে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার কয়েকটি গুরুত্বপূর্ণ অভ্যাসের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এর মধ্যে রয়েছে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, দাঁত ও মুখের যত্ন নেওয়া, গোসল করে শরীর পরিষ্কার রাখা, চুল ও মাথার ত্বকের পরিচর্যা, নখ ছোট ও পরিষ্কার রাখা এবং পরিষ্কার পোশাক পরিধান। পাশাপাশি অন্তর্বাস নিয়মিত পরিবর্তন এবং নারীদের মাসিককালীন স্বাস্থ্যবিধি মেনে চলার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।
প্রশিক্ষণে আরও গুরুত্ব দেওয়া হয়, পরিচ্ছন্নতা কোনো এক দিনের চর্চা নয়; এটি নিয়মিত জীবনযাপনের অংশ হওয়া প্রয়োজন। ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবার, প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগেই পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি দাপ্তরিক কর্মপরিবেশের উন্নয়ন ঘটবে। একই সঙ্গে রোগ প্রতিরোধ, চিকিৎসা ব্যয় হ্রাস এবং জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির মধ্য দিয়ে একটি পরিচ্ছন্ন, সুস্থ ও দায়িত্বশীল সমাজ গড়ে তোলার পথ আরও সুগম হবে।
সেমিনারে প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলোন হাফসা আক্তার শারমিন, নওরীন হোসেন সাথি, নিঝুম দাশ, আবুল হাসনাত, সুফিয়ান আহমদ কামাল, মোছা. তাহমিনা আক্তার, সুমা রানি নাগ, তানিয়া তানজুম, মো. শহীদ আহমদ, আবু নাসের রিহাদ, ফাহমিদা সুরাইয়া, তানহা সমীরন মোদক, মুনতাকিম মুবিন ইমন, রূপক চন্দ্র দাশ, মাইদুল ইসলাম, মুজিবুর রহমান খান, ডালিয়া বেগম, জেমী হালদার, তামান্না আক্তার, মোছা. বাবলী বেগম, রুমা আক্তার সুরমা, রুনা আক্তার, মাহমুদা সৈয়দা রিমা, রিটন আহমদ দিপু, মো. আশিকুল ইসলাম, হোসনেয়ারা লিপি, নাজিয়া হাবিব, হুসেইন আহমদ, এস এম রফিকুল ইসলাম সুজন ও কবির আহমদ প্রমুখ।




















