স্পোর্টস ডেস্ক : :
উজবেকিস্তানের বিপক্ষে ড্রয়ের পর শঙ্কায় থাকা বাংলাদেশ হকি দল শেষ পর্যন্ত দারুণ লড়াইয়ে এশিয়ান গেমসে খেলা নিশ্চিত করেছে। ব্যাংককের রয়্যাল থাই এয়ারফোর্স হকি মাঠে স্থান নির্ধারণী ম্যাচে হংকং চায়নাকে টাইব্রেকারে হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করে লাল-সবুজের প্রতিনিধিরা।
নির্ধারিত সময়ে ৪-৪ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-২ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।
ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক খেলায় এগিয়ে যায় বাংলাদেশ। প্রথম পাঁচ মিনিটের মধ্যে গোল করেন রাকিবুল হোসেন ও আমিরুল ইসলাম। পরে হংকং একটি গোল শোধ করে। দ্বিতীয় কোয়ার্টারে আর কোনো গোল হয়নি।
তৃতীয় কোয়ার্টারে সমতায় ফেরে হংকং, তবে পেনাল্টি কর্নার থেকে আশরাফুলের গোলে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। শেষ কোয়ার্টারে দুই দলের মধ্যে জমে ওঠে পাল্টাপাল্টি লড়াই। হংকং সমতা ফেরানোর পর আবারও আশরাফুল গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন। তবে ম্যাচের শেষ মুহূর্তে সমতা ফেরালে খেলা টাইব্রেকারে গড়ায়।
টাইব্রেকারে বাংলাদেশের হয়ে সফল হন ওয়ায়দুল জয়, রোমান সরকার ও ফজলে রাব্বি।
এই জয়ের ফলে বাছাইপর্বের সেরা ছয়ের মধ্যে জায়গা নিশ্চিত করে বাংলাদেশ, যা তাদের এশিয়ান গেমসে অংশগ্রহণ নিশ্চিত করেছে।
আগামী ম্যাচে পঞ্চম স্থান নির্ধারণে চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ।
AD/একাত্তরের কথা




















