একাত্তর ডেস্ক ::
ভূমধ্যসাগরে নৌকা ডুবে মৃত্যুবরণ করা সুনামগঞ্জের ১৩ জন অভিবাসনপ্রত্যাশীর পরিবারের খোঁজখবর নিয়েছেন জেলার তিন সংসদ সদস্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রোববার তারা সরাসরি ওইসব পরিবারের বাড়িতে গিয়ে সমবেদনা জানান এবং সান্ত্বনা উপহার দেন।
গত ২১ মার্চ লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা দেওয়া রাবার নৌকাটি ছয় দিন সাগরে ভেসে থাকার পর খাবার ও পানির অভাবে ২২ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ১৮ জন বাংলাদেশি এবং তাদের মধ্যে ১৩ জনই সুনামগঞ্জের বাসিন্দা।
নিহতদের মধ্যে দিরাই উপজেলার ৬ জন, জগন্নাথপুর উপজেলার ৫ জন, দোয়ারাবাজারের ১ জন এবং ছাতকের ১ জন রয়েছেন।
রোববার সকালে সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল প্রথমে জগন্নাথপুর উপজেলার নিহতদের বাড়িতে যান। পরে তারা দিরাই, ছাতক ও দোয়ারাবাজার উপজেলার পরিবারগুলোর কাছে যান।
সংসদ সদস্যরা জানান, তারা আগেও এসব পরিবারের খোঁজ নিয়েছিলেন। এবার প্রধানমন্ত্রীর নির্দেশে তারা সরাসরি বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছেন।
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ বলেন, “এই পরিবারগুলোর যে ক্ষতি হয়েছে, তা কখনো পূরণ হওয়ার নয়। আমরা চাই, কেউ যেন জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে বিদেশ না যায়। বিদেশ যেতে হলে অবশ্যই বৈধ পথে যাওয়া উচিত।”



















