Ekattorer Kotha
সোমবার , ১৬ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেটে ছেলেকে বাঁচাতে গিয়ে বৃদ্ধ বাবাকে হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার

                       
                   

সিলেটের কোম্পানীগঞ্জে ছেলেকে প্রতিপক্ষের হামলা থেকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারানো ৬৫ বছর বয়সী আশিক আলী হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

গ্রেপ্তার ব্যক্তির নাম হোসেন আলী ওরফে বতুল্লাহ (৪০)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা। হত্যা মামলার এজাহারে তাঁকে ৩ নম্বর আসামি করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে সিলেট নগরীর শাহপরাণ থানাধীন এমসি কলেজ রোডের মাদানিবাগ এলাকার একটি দোকানের ভেতর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৯ সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর দুপুরে আশিক আলীর ১০ বছর বয়সী নাতনি মনিশা আক্তার নদীতে গোসল করতে যাওয়ার পথে প্রতিবেশী দুদু মিয়ার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় দুদু মিয়া শিশুটিকে চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগ রয়েছে। বাড়িতে ফিরে কান্নাকাটি করে বিষয়টি জানালে শিশুটির বাবা মারুফ আহমদ প্রতিবেশী দুদু মিয়ার কাছে এর কারণ জানতে চান।

এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুদু মিয়ার ছেলে জুবায়েদ মিয়া ক্ষিপ্ত হয়ে মারুফ আহমদকে ছুরিকাঘাত করেন। পরে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও সংঘর্ষ শুরু হয়।

এ সময় ছেলেকে রক্ষা করতে বাড়ি থেকে বের হয়ে ঘটনাস্থলে যান আশিক আলী। অভিযোগ অনুযায়ী, প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করে।

পরে পরিবারের সদস্যরা আশিক আলীকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে পলাতক আসামিদের গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে এসআরবি-৯।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি হোসেন আলী ওরফে বতুল্লাহকে গ্রেপ্তার করা হয়।এসআরবি-৯ জানায়, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত