
সিলেটের চা শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার উদ্যোগে যুক্ত হতে পেরে সম্মানিত বোধ করছেন পর্তুগালের ব্রাগানজা রাজপরিবারের সদস্য ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগানজা। সিলেটের মানুষের আতিথেয়তা, সৃজনশীলতা ও সংস্কৃতির প্রশংসা করে তিনি বলেছেন, ব্রাগানজা পরিবারের সঙ্গে ‘সিলেট টি’ ব্র্যান্ডের সম্পৃক্ততা তাঁর জন্য সম্মানের পাশাপাশি বড় দায়িত্বও।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নগরীর এয়ারপোর্ট রোডের উইন্ডসর হোটেলে তাঁকে ও সফরসঙ্গীদের সম্মানে আয়োজিত সংবর্ধনা ও নৈশভোজে অনুভূতি প্রকাশকালে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ এবং সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ যৌথভাবে এ আয়োজন করে।
ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকার সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর স্বামী ডিউক অব কোইমব্রা দুয়ার্তে দে সুসা আরাউজো মার্টিন্স। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান স্যার শেখ আলিউর রহমান। এ ছাড়া জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের (ইউনিটার) ডিভিশন ডিরেক্টর আলেকজান্ডার আনিবাল মেহিয়া পেনাফিয়েলও অনুষ্ঠানে অংশ নেন।
ডিউক অব কোইমব্রা বলেন, কোনো দেশের পণ্য ও মানুষই আন্তর্জাতিক পরিসরে সেই দেশের পরিচয় তুলে ধরে। লন্ডন টি এক্সচেঞ্জ ও ফেয়ার পে চার্টারের মাধ্যমে সিলেটের চা এবং বাংলাদেশের পণ্যকে বিশ্ববাজারে আরও পরিচিত করার সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।
স্যার শেখ আলিউর রহমান বলেন, ১৬৬২ সালে পর্তুগিজ রাজকন্যা ক্যাথরিন অব ব্রাগানজা ইংল্যান্ডে চায়ের প্রচলন করেছিলেন। তাঁর উত্তরসূরি ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা এখন ‘সিলেট টি’ ব্র্যান্ডকে বিশ্বদরবারে পরিচিত করার উদ্যোগে যুক্ত হয়েছেন। চা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি সিলেটে জাতিসংঘের একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।
জাতিসংঘের প্রতিনিধি আলেকজান্ডার আনিবাল মেহিয়া পেনাফিয়েল বাংলাদেশের তরুণ জনশক্তি ও শিক্ষার প্রশংসা করেন। সিলেটে জাতিসংঘের নতুন কার্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন চা শিল্প, পর্যটন, কৃষি ও প্রাকৃতিক সম্পদে সিলেটের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরেন। একই সঙ্গে পর্তুগিজ রাজকন্যার মাধ্যমে বাংলাদেশে পর্তুগালের দূতাবাস স্থাপনের অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. বদরুজ্জামান সেলিম। বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাকে রাজকন্যার উপস্থিতির প্রশংসা করে তিনি বলেন, সিলেটের চা শিল্পের প্রসারে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মো. জিয়াউর রহমান টিটু। এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি মো. জাহাঙ্গীর হোসেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারওয়ার মোর্শেদ শামীম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মইন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি ফেরদৌস আলম, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুল আহাদ এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির ইনাম চৌধুরী বক্তব্য দেন।
এ ছাড়া ব্যবসায়ী নেতাদের মধ্যে নিয়াজ মো. আজিজুল করিম, মোহাম্মদ আলী আকিক, হাজী আব্দুস সোবহান, ফুয়াদ বিন রাশিদ, মো. মনিরুল ইসলাম, মো. মনজুর আহমদ, মীর মোহাম্মদ জাকারিয়া, আতাউর রহমান রজব, রুপম খান, শোয়েব আহমদ অভি, মোহাম্মদ রাসেল আলী, ফরহাদুজ্জামান চৌধুরী ও এনাম আহমদ চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন। বক্তারা সিলেটে বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশের কথা তুলে ধরে এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও পর্তুগালের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।




















