
দেশজুড়ে সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেট মহানগরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
মিছিলটি শিবগঞ্জের সাকিল কমিউনিটি সেন্টার পয়েন্ট থেকে শুরু হয়ে মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিবগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন জেলা উত্তর ছাত্র জমিয়তের সভাপতি আবু তালহা তোফায়েল। সংগঠনের সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ সভা পরিচালনা করেন।
সভাপতির বক্তব্যে আবু তালহা তোফায়েল বলেন, ফ্যাসিবাদী শক্তি আবারও দেশব্যাপী অস্থিতিশীলতা, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগসহ জননিরাপত্তা বিঘ্নিত করার কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দেশের মানুষ আর কোনোভাবেই সন্ত্রাস, নৈরাজ্য ও ফ্যাসিবাদী দুঃশাসনে ফিরে যেতে চায় না।
তিনি বলেন, রাজনৈতিক ও আদর্শিক মতপার্থক্য থাকতেই পারে। তবে ফ্যাসিবাদবিরোধী অবস্থানের প্রশ্নে ছাত্র সংগঠনগুলোর মধ্যে কোনো বিভেদ থাকতে পারে না। এ প্রশ্নে ফ্যাসিবাদবিরোধী প্রতিটি ছাত্র সংগঠন এক ও অভিন্ন। অতীতে যেভাবে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করা হয়েছে, ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদের পুনর্বাসনের যেকোনো অপচেষ্টা রুখে দেওয়া হবে।
বিক্ষোভ মিছিলে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের সাবেক ও বর্তমান শতাধিক নেতাকর্মী অংশ নেন।




















