
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। তিনি বলেছেন, নিয়মিত ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে সহায়তা করে।
রোববার গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমরান আহমদ চৌধুরী বলেন, সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়বে। তাই তাদের মেধা ও মননের বিকাশে পাঠ্যশিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সমান গুরুত্ব দিতে হবে।
প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাই। সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুর রহিম, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইসমাইল উদ্দিন, ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক কাওছার আহমদ কয়েছ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাম্মাদ সাঈদ এবং গীতা পাঠ করেন বিজয় মালাকার। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন দ্বাদশ শ্রেণির উৎস দেবনাথ ও নবম শ্রেণির ফাতিমা জান্নাত আছিয়া।আলোচনা পর্ব শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




















