
সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন রতনের ফেসবুক লাইভকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে ধর্মপাশায়। বিএনপির স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ও পুলিশকে নিয়ে সমালোচনা করে লাইভে বক্তব্য দেওয়ার পর তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। একই ঘটনায় মঙ্গলবার আসনটির বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিএনপি।
কানাডায় অবস্থানরত রতন সোমবার বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন। এ সময় তিনি বিএনপির স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ও পুলিশকে দোষারোপ করেন। ধর্মপাশা উপজেলার নওধার গ্রামের নিজ বাড়ি ‘হাওর বাংলা’য় থাকা ব্যবসায়িক সোলার প্যানেলে আগুন দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
পুলিশের করা মামলায় মোয়াজ্জেম হোসেন রতনসহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন রতনের বাড়ি ‘হাওর বাংলা’র কর্মী বাবুল আক্তার, নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মপাশা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক তানভীর হাসান সাগর, শ্রীপুর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি তৃষাণ তালুকদার পলাশ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মপাশা উপজেলা শাখার সহসভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলকিস ও যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ মুরাদ। এ ছাড়া রতনের ছোট ভাই ও ধর্মপাশা উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রুকন এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটনও মামলার আসামি। পুলিশ এ পর্যন্ত শুধু বাবুল আক্তারকে গ্রেপ্তার করেছে।
নওধারের কয়েকজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, সোমবার ভোররাতে রতনের বাড়ির একাংশে আগুন দেখা যায়। সেখানে সোলার প্যানেলের বক্সসহ কিছু সরঞ্জাম রাখা ছিল। পরে স্থানীয় লোকজন আগুন নেভান। এতে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তাঁরা। এর আগের রাতে বাড়ির কর্মী বাবুলকে আটক করে পুলিশ।
রতনের বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে উপজেলা বিএনপি। দলটির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক ও নুরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী কামাল, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কাসেম।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, সাবেক সংসদ সদস্য রতনের নওধারের বাড়িতে নাশকতার পরিকল্পনা হচ্ছে- এমন খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে একজনকে আটক করে। আগুনের ঘটনাটিও তদন্ত করা হচ্ছে। নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২২ জনের নাম উল্লেখ করে ধর্মপাশা থানায় মামলা করেছেন উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।




















