
সিলেট বিভাগের গ্রামীণ যোগাযোগব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়ায় বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরকে অভিনন্দন জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, বাণিজ্যমন্ত্রীর প্রচেষ্টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন পেয়েছে। এটি বাস্তবায়িত হলে সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। পাশাপাশি সংসদ সদস্যদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নেও সহায়ক হবে।
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনা ও আগামীর বাংলাদেশ গড়তে যেসব পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরেছিলেন, সেগুলোর প্রতি আস্থা রেখেই জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রীর নেওয়া সুদূরপ্রসারী উদ্যোগের জন্য তিনি কৃতজ্ঞতা জানান। দেশের পাশাপাশি সিলেটের উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ায় বাণিজ্যমন্ত্রীর প্রতিও ধন্যবাদ জানান তিনি।
অভিনন্দন বার্তায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে সুরমা নদীর ওপর ধনপুর সেতু নির্মাণের উদ্যোগের কথাও উল্লেখ করেন সিউক চেয়ারম্যান। তাঁর মতে, সেতুটি নির্মিত হলে স্থানীয় মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।
এ ছাড়া আগামী ফেব্রুয়ারির মধ্যে সিলেট-ঢাকা রুটে নতুন একটি ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে বার্তায় জানানো হয়। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে সড়ক, নৌ ও রেলপথ-তিন ক্ষেত্রেই সিলেটের যোগাযোগব্যবস্থায় ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদনে ভূমিকা রাখায় বাণিজ্যমন্ত্রীকে সিলেটবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানান সিউক চেয়ারম্যান।




















