একাত্তর ডেস্ক : :
দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একদল কর্মকর্তা মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে যান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদন জানাতে। তবে আনুষ্ঠানিক সাক্ষাতের অপেক্ষা না করেই তারা আকস্মিকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ পান।
অনানুষ্ঠানিক এ সাক্ষাতে কর্মকর্তারা তাদের দীর্ঘদিনের বঞ্চনা, প্রশাসনিক জটিলতা এবং ন্যায়সঙ্গত দাবিগুলো সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। এ সময় তারা পদোন্নতি সংক্রান্ত বৈষম্য, জটিলতা এবং এর ফলে সৃষ্ট মানবিক সংকটের বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। কর্মকর্তারা তাদের লিখিত আবেদনও প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাদের বক্তব্য শোনেন এবং আবেদন গ্রহণ করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত মনোযোগ সহকারে তাদের বক্তব্য শুনেছেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে দীর্ঘদিনের অভিযোগসম্বলিত লিখিত আবেদনটিও তিনি গ্রহণ করেছেন।”
আবেদনপত্রে উল্লেখ করা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মোট ১,৮২১ জন কর্মকর্তা দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চনার শিকার। তাদের দাবি, প্রয়োজনীয় যোগ্যতা, জ্যেষ্ঠতা এবং সব শর্ত পূরণ করা সত্ত্বেও বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় কোনো যৌক্তিক কারণ ছাড়াই তাদের পদোন্নতি দেওয়া হয়নি।
এ পরিস্থিতির ফলে প্রশাসনিক কাঠামোয় ভারসাম্যহীনতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তারা। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, জুনিয়র কর্মকর্তারা পদোন্নতি পেয়ে সিনিয়রদের ওপর দায়িত্ব পালন করছেন, যা কর্মক্ষেত্রে অসন্তোষ ও অস্বস্তির সৃষ্টি করছে।
পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা আশা করছেন, প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে তাদের দীর্ঘদিনের এই সমস্যা দ্রুত সমাধান হবে।
AD/একাত্তরের কথা



















