স্টাফ রিপোর্ট
সিলেটে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)-এর ১২তম আসর। সোমবার দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চার অঞ্চলের প্রতিনিধিদের উপস্থিতিতে ট্রফির মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। মধ্যাঞ্চল, উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের প্রতিনিধিরা এতে অংশ নেন।
তবে উদ্বোধনী আয়োজনটি ছিল একেবারেই সংক্ষিপ্ত ও অনাড়ম্বর। আয়োজক কমিটির পক্ষ থেকে সংবাদমাধ্যমের সামনে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। এমনকি চার দলের অধিনায়কদেরও আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়নি, যা সাধারণত এ ধরনের টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যায়।
বিসিএলের এই আসরে চার দিনের লাল বলের ম্যাচের মাধ্যমে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডের খেলা শুরু হবে আজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে দুটি ম্যাচ আয়োজন করা হয়েছে। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল। একই সময়ে মূল মাঠে লড়বে পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চল।
উদ্বোধনী দিনে আয়োজকদের নীরবতার মাঝেও কথা বলেন পূর্বাঞ্চল দলের খেলোয়াড় এবং সিলেটের সন্তান মো. জাকির হাসান। তিনি দলের প্রস্তুতি ও সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেন।
তবে টুর্নামেন্টের প্রচার-প্রচারণা নিয়ে কিছুটা হতাশাও প্রকাশ করেন জাকির হাসান। তিনি মনে করেন, এমন একটি গুরুত্বপূর্ণ ঘরোয়া ক্রিকেট আসর আরও বেশি প্রচার পেলে দর্শকদের আগ্রহ ও সম্পৃক্ততা বাড়ত।
সব মিলিয়ে, খুব সীমিত পরিসরে শুরু হলেও মাঠের লড়াই জমজমাট হবে এমন প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের।



















