Ekattorer Kotha
বুধবার , ২৫ মার্চ ২০২৬ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

বিশ্বনাথে এমপি লুনার হস্তক্ষেপে ওরস নিয়ে বিরোধ আপোষে নিষ্পত্তি

                       

মার্চ ২৫, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার সরাসরি হস্তক্ষেপে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামে শাহ ইব্রাহিম মাস্তানের মাজারের ওরসকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ আপোষের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বিকেলে বিশ্বনাথ উপজেলা পরিষদ সভাকক্ষে দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসে বিরোধ মীমাংসা করা হয়। এর আগে দুপুরে তিনি শ্রীপুর গ্রামে শাহ ইব্রাহিম মাস্তানের মাজার ও ক্ষতিগ্রস্ত মসজিদ পরিদর্শন করেন।

আপোষ বৈঠকে সংসদ সদস্য লুনা নির্দেশনা দেন, উপজেলার কোনো মাজারে ওরস চলাকালে উচ্চস্বরে গান বাজিয়ে জনসাধারণের ভোগান্তি সৃষ্টি করা যাবে না। ধর্মীয় পরিবেশ বজায় রাখতে ওরসে জিকির ও ভক্তিমূলক গান সীমিত পরিসরে স্পিকারে প্রচার করতে হবে। এছাড়া ওরসকে কেন্দ্র করে মদ, গাঁজাসহ কোনো ধরনের মাদক বা অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া যাবে না। কোনো অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। পাশাপাশি ওরস মাহফিলে নারী ও পুরুষের জন্য আলাদা ব্যবস্থা রাখার নির্দেশনা দেন।

আপোষ বৈঠকে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি, থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মইনুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুনসহ উভয় পক্ষের লোকজন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২২ মার্চ রাতে রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামে শাহ ইব্রাহিম মাস্তানের মাজারে ওরসের দ্বিতীয় দিনে মাইকে উচ্চসুরে গান বাজানোকে কেন্দ্র করে গানের আসরে হামলা ও স্টেজ ভাঙচুরের ঘটনা ঘটে। পরদিন সকালে পাল্টা হামলার অভিযোগ ওঠে, এতে কয়েকটি বাড়িঘর ও একটি মসজিদের গ্লাস ভাঙচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ - জাতীয়