
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি হিসেবে তারেক রহমান দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ এবং সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে কাজ করছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) সকালে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এ অনুষ্ঠানের আয়োজন করে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় বিভিন্ন অনুষদের শিক্ষকরা অংশ নেন।
উপাচার্য বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি শিক্ষা, গবেষণা এবং জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা জরুরি। সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মসূচির প্রশংসা করে তিনি এসব উদ্যোগ বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন।
সভায় অন্য বক্তারাও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। তাঁরা দেশের উন্নয়ন ও সমৃদ্ধির ধারা অব্যাহত থাকার প্রত্যাশা জানান।
আলোচনা সভা শেষে বাদ জুমা স্থানীয় ভাঙাপুল জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে মাহমুদাবাদ হাফিজিয়া এতিমখানার শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।




















