Ekattorer Kotha
সোমবার , ২০ এপ্রিল ২০২৬ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে বিশেষ নিষেধাজ্ঞা

                       

এপ্রিল ২০, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) নতুন গণবিজ্ঞপ্তি জারি করেছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্র ও এর আশপাশে আইনশৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) এসএমপি কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত ওই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ এপ্রিল থেকে শুরু হয়ে ২০ মে পর্যন্ত চলবে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা। সিলেট মহানগর এলাকার মোট ৩৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত জনসমাবেশ, মিছিল, গান-বাজনা, হৈচৈ, ঢাক-ঢোল বাজানো, মাইক্রোফোন ও লাউড স্পিকার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে অস্ত্রশস্ত্র, লাঠি, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহার এবং বহিরাগতদের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে।

এসএমপি জানিয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো কার্যক্রমও ওই সময়ের মধ্যে কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

সিলেট মহানগরীর যেসব কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মধ্যে রয়েছে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, দি এইডেড হাইস্কুল, কিশোরীমোহন বালিকা উচ্চ বিদ্যালয়, শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজসহ মোট ৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠান।

পুলিশের পক্ষ থেকে অভিভাবক ও স্থানীয়দের প্রতি পরীক্ষার্থীদের স্বার্থে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ - জাতীয়