একাত্তর ডেস্ক ::
সিলেটের বটেশ্বর এলাকায় শাহপরাণ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ৭০ হাজার ১০০ টাকার অবৈধ ভারতীয় পণ্যসহ ৯ জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন মো. বাদল মিয়া (৩৫), মো. বিল্লাল (২৬), ইলিয়াস (৬০), রিফাত হোসেন (২০), মো. ইকবাল হোসেন (৪০), সাকিদুল ইসলাম কাজেন (৩৫), রিয়াদ মিয়া (২৬), তাওসিফুজ্জামান মাহিন (১৯) ও রিফাত (২৬)। তাদের বাড়ি নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে সিলেট-তামাবিল মহাসড়ক এর বটেশ্বর এলাকায় জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে শাহপরাণ থানা পুলিশ। এ সময় অবৈধ ভারতীয় পণ্য বহনকালে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে ৪৪০ কেজি ভারতীয় জিরা, ৯০ পিস ডাভ সিরাম বার সাবান, ৬০ পিস হারমনি ফ্রুটি সাবান, ৮০ বোতল কেও কার্পিন অলিভ অয়েল, ১০০ মিলি ওজনের ৮৫ বোতল অলিভ অয়েল এবং ৫২০ পিস নেসলে কিটক্যাট চকলেট জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মোট আনুমানিক মূল্য ২ লাখ ৭০ হাজার ১০০ টাকা।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সীমান্তবর্তী সড়কগুলো ব্যবহার করে দীর্ঘদিন ধরে ভারতীয় পণ্য চোরাচালান হয়ে আসছে এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করছে।




















