
প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, দেশের উন্নয়ন কার্যক্রমে সব পেশা ও শ্রেণির মানুষকে সম্পৃক্ত করতে হবে। সামাজিক নিরাপত্তাবেষ্টনীর মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে সিলেটে সাতটি জটিল রোগে আক্রান্ত রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সিলেট মহানগর এলাকার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৫২ জনকে বিইএফটিএনের মাধ্যমে এক লাখ টাকা করে মোট ৫২ লাখ টাকা দেওয়া হয়। এ ছাড়া বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে এককালীন ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নারী সমাজের উন্নয়ন ও সমঅধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করছে। এ লক্ষ্যে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়ার কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে স্বাগত বক্তব্য দেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিক।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা।
এ ছাড়া উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ডা. নাজমুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক শফিক নূর, মহানগর মহিলা দলের সভাপতি ফাতেমা জামান রুজি এবং সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমেদ




















