সিলেট নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকায় একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও এক তরুণী গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে মিতালি ১১১ নম্বর বাসার দ্বিতীয় তলায় ঘটনাটি ঘটেছে। সকাল ১০টা পর্যন্ত বাসার দরজা না খোলায় প্রতিবেশীদের সন্দেহ হয়।
পরে তারা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হচ্ছেন, আব্দুস সত্তার মিয়া (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) এবং বাসার কাজের মেয়ে তাহমিনা বেগম (২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একজন মিস্ত্রি এসে দরজায় ডাকাডাকি করে কোনো সাড়া পাননি। পরে বিষয়টি আশেপাশের লোকজনকে জানান।
তারা পাশের একটি ভবন থেকে উঁকি দিয়ে ১১১ নং ভবনের ২য় তলার বারান্দায় রক্ত দেখতে পান। কোতোয়ালি থানা পুলিশকে জানানো হয়।
পুলিশ এসে ভেতরে প্রবেশ করে তিনটি মরদেহ দেখতে পায়। শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেট মহানগর পুলিশ কমিশনার, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, কোতোয়ালি থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মরদেহ মর্গে প্রেরণসহ পরবর্তি আইনানুগ পদক্ষেপ নিচ্ছে পুলিশ।
একাত্তরেরকথা/এমইউ




















