রিটন আহমেদ দিপু : :
অবসান ঘটছে ফুটবল বিশ্বের দীর্ঘ ৩৯ দিনের রুদ্ধশ্বাস প্রতীক্ষার। উত্তর আমেরিকার তিন দেশে বসা ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর সোনালী ট্রফিটি উঁচিয়ে ধরতে আজ রাতে মাঠে নামছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি-বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ঐতিহ্যবাহী মেটলাইফ স্টেডিয়ামে যা ফিফার অফিসিয়াল নিয়মে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আজ রোববার স্থানীয় সময় বিকাল ৩টায় (বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা) শুরু হবে শিরোপা নির্ধারণী এই মহাযুদ্ধ। কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ এখন বিশ্বজয়ের এই ঐতিহাসিক ভেন্যুর দিকে।
চলতি আসরে ল্যাটিন আমেরিকার শৈল্পিক ফুটবল ও স্কালোনির রণকৌশল বনাম দে লা ফুয়েন্তের অধীনে স্পেনের নিখুঁত, গতিময় ‘টিকিটাকা’র এক চরম দ্বৈরথ দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। মাঠের পরিসংখ্যানে দুই দলের শক্তি, বর্তমান ফর্ম ও ফুটবলীয় ইতিহাস এই ফাইনালকে রূপ দিয়েছে শতাব্দীর অন্যতম সেরা এক লড়াইয়ে।
আর্জেন্টিনা ও স্পেন এ পর্যন্ত অফিসিয়াল ও প্রীতি ম্যাচ মিলিয়ে মোট ১৪ বার মুখোমুখি হয়েছে। মুখোমুখি লড়াইয়ে জয়-পরাজয়ের ইতিহাস একদম সমানে সমান। আর্জেন্টিনা জিতেছে ৬টি ম্যাচে এবং স্পেন জিতেছে ৬টি ম্যাচে। বাকি ২টি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপের মঞ্চের ইতিহাসে দুই দল এর আগে মাত্র একবারই মুখোমুখি হয়েছিল, ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপে। সেই গ্রুপ পর্বের ম্যাচে স্পেনকে ২-১ ব্যবধানে হারিয়েছিল আর্জেন্টিনা। সর্বশেষ সাক্ষাতে দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০১৮ সালের এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে, যেখানে স্পেন ৬-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল আর্জেন্টিনাকে।
ফাইনালে ওঠার লড়াইয়ে দুই দলই দেখিয়েছে অসামান্য আধিপত্য। স্পেন গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত খেলা ৬টি ম্যাচের সবকটিতেই জিতেছে স্প্যানিশরা। সেমিফাইনালে শক্তিশালী ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে অপরাজিত থেকে তারা ফাইনালে পা রাখে। ওপ্টা সুপারকম্পিউটারের ডেটা অ্যানালাইসিস অনুযায়ী, আজকের ফাইনালে স্পেনের জয়ের সম্ভাবনা ৫৮.২%।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা এই আসরে নকআউটে সুইজারল্যান্ড এবং সেমিফাইনালে শক্তিশালী ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালের টিকিট কাটে। দলের প্রাণভোমরা লিওনেল মেসির জাদুকরী নেতৃত্ব ও তরুণ উইঙ্গারদের ফর্ম আলবিসেলেস্তেদের মূল শক্তি।
রেকর্ডের হাতছানি ও ট্রফির লড়াই আজকের ম্যাচটি দুই দলের জন্যই ইতিহাস গড়ার সুযোগ। আর্জেন্টিনা যদি আজ শিরোপা ধরে রাখতে পারে, তবে ১৯৬২ সালের ব্রাজিলের পর ইতিহাসের প্রথম দল হিসেবে ব্যাক-টু-ব্যাক বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি গড়বে। অন্যদিকে, স্পেন জিতলে তারা একবিংশ শতাব্দীতে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি ঘরে তুলবে এবং প্রথম দল হিসেবে একই বছর ইউরো ও বিশ্বকাপ জয়ের অনন্য ডাবল পূর্ণ করার কীর্তি গড়বে।
তারকা খচিত সমাপনী অনুষ্ঠান ও বিশেষ অতিথিম্যাচ শুরুর ৯০ মিনিট আগে মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফিফার জমকালো সমাপনী অনুষ্ঠান। আমেরিকার ‘সুপার বোল’-এর আদলে তৈরি এই আসরে বিশ্বখ্যাত তারকাদের পারফরম্যান্সের পাশাপাশি গ্যালারিতে উপস্থিত থাকবেন বিশ্বের একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে, ফাইনাল ম্যাচ উপভোগ করতে গ্যালারিতে উপস্থিত থাকবেন স্বাগতিক দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি ম্যাচ শেষে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সাথে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন।
আজকের এই ৯০ বা ১২০ মিনিটের টানটান উত্তেজনার লড়াইয়ে কার মাথায় উঠবে বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট-তা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো বিশ্ব।




















