দশদিক ডেস্ক : :
ইরানের সঙ্গে যেকোনো সময় সংঘাত শুরু হতে পারে—এমন আশঙ্কায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে পূর্ণ যুদ্ধ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সেনাবাহিনী প্রধান জেনারেল হারজি হালেভি।
ইসরায়েলি সামরিক সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে তিনি এ নির্দেশনা দেন।
বৈঠকে সেনাপ্রধান বলেন, ইরান যদি ইসরায়েলের নিরাপত্তার জন্য কোনো হুমকি সৃষ্টি করে বা তাদের পরমাণু কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটে, তাহলে তা মোকাবিলায় সামরিক শক্তি প্রয়োগে প্রস্তুত থাকতে হবে।
সামরিক সূত্রগুলো জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি এবং ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কার প্রেক্ষাপটে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা জোরদার এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোকাবিলা সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে, এই নির্দেশনার পর মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত শুরু হলে তা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে গুরুতর ঝুঁকির মুখে ফেলতে পারে।
তবে ইসরায়েলের এই পদক্ষেপের বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে ইরান একাধিকবার সতর্ক করে জানিয়েছে, তাদের ভূখণ্ডে যেকোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ সংঘাত বা ছায়াযুদ্ধ ক্রমেই তীব্র আকার ধারণ করেছে, যা এখন সরাসরি যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
AD/একাত্তরের কথা




















