একাত্তর ডেস্ক ::
সিলেট নগরীতে নিষিদ্ধ ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধে নতুন সিদ্ধান্ত নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। ইতোমধ্যে আটক তিন হাজারের বেশি যানবাহন মালিকদের কাছে ফেরত দেওয়া হবে, তবে সেগুলো নগরীতে চলাচল করতে পারবে না।
বুধবার এসএমপি সদর দফতরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনা ও ব্যাটারিচালিত যানবাহনের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভা সূত্রে জানা গেছে, অনিয়ন্ত্রিতভাবে এসব যানবাহন চলাচলের কারণে নগরীতে যানজট ও বিশৃঙ্খলা বাড়ছে। তবে চলমান অভিযানে অনেক মালিক মানবিক সংকটে পড়ায় তাদের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। এ কারণে শর্তসাপেক্ষে আটক যানবাহন মালিকদের কাছে ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায় বলেন, “যানবাহন ফেরত নিতে মালিকদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হবে, যেখানে নগরীতে পুনরায় না চালানোর শর্ত থাকবে। এরপরও কেউ নিয়ম ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সভায় আরও সিদ্ধান্ত হয়, নগরীতে অবৈধ ব্যাটারিচালিত যানবাহনের দোকান ও চার্জিং পয়েন্টের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
মতবিনিময় সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিটি করপোরেশনের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ উপস্থিত ছিলেন।




















