প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ৬:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ
স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তন চান রাষ্ট্রপতি

দেশের স্বাস্থ্যব্যবস্থায় আমূল পরিবর্তন এনে চিকিৎসাসেবা সাধারণ মানুষের নাগালে পৌঁছে দেওয়ার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, স্বাস্থ্য খাতকে নতুন করে সাজানোর পাশাপাশি সংশ্লিষ্ট সবার মনোভাব ও কর্মপদ্ধতিতেও পরিবর্তন আনতে হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানের আগে তিনি সংগঠনটির স্মারকগ্রন্থ উন্মোচন করেন। এ সময় আয়োজকদের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
রাষ্ট্রপতি বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীদের বড় একটি অংশ চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করে। এ খাতে সরকারের বিনিয়োগও কম নয়। কিন্তু সেই বিনিয়োগের প্রত্যাশিত সুফল সাধারণ মানুষ পাচ্ছে না। স্বাস্থ্যব্যবস্থার নানা জটিলতায় প্রয়োজনীয় চিকিৎসা পাওয়া অনেকের জন্য কঠিন হয়ে উঠেছে। বিশেষ করে দাঁতের চিকিৎসার উচ্চ ব্যয় সাধারণ মানুষের জন্য বড় বাধা।
সরকারি হাসপাতালগুলোর সীমাবদ্ধতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, অনেক হাসপাতালে প্রয়োজনের তুলনায় চিকিৎসক ও চিকিৎসাসেবার ব্যবস্থা অপ্রতুল। উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অনেক সময় চিকিৎসকের দেখা পাওয়া যায় না। ফলে বাধ্য হয়ে সাধারণ মানুষ অপ্রশিক্ষিত বা হাতুড়ে চিকিৎসকদের শরণাপন্ন হন।
তরুণ চিকিৎসকদের গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে সেবা দেওয়ার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা শেষ করে অনেক তরুণ চিকিৎসক গ্রামে যেতে আগ্রহী হন না। কেউ গেলেও অল্প সময়ের মধ্যে প্রশিক্ষণ বা অন্য কাজের জন্য সেখান থেকে চলে যান। এই প্রবণতা বদলানো প্রয়োজন। প্রান্তিক এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্ত সরকারি চিকিৎসক নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও আহ্বান জানান তিনি।
স্বাস্থ্য খাতের অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করতে দায়িত্বশীল ব্যক্তিদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকলে বিদ্যমান সমস্যার সমাধান করা সম্ভব। একটি সর্বজনীন ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
পেশাজীবী সংগঠনগুলোকে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি। তাঁর মতে, পেশাগত সংগঠনে দলীয়করণ করা উচিত নয়। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংগঠনের নেতৃত্ব ও কার্যক্রমে সবকিছু বদলে যাওয়ার প্রবণতাও বন্ধ করতে হবে। এ ধরনের চর্চা থেকে বেরিয়ে আসতে পারলে পেশাজীবীদের নানা সমস্যা কমবে।
আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটিকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, সংগঠনটি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করবে। পাশাপাশি দেশের ডেন্টাল সার্জনদের সহযোগিতা এবং দাঁতের চিকিৎসাসেবার মানোন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ডা. মো. আলমগীর কবির ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.