প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ৬:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ১২:২২ পূর্বাহ্ণ
সিলেট-তামাবিল সড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

সিলেট-তামাবিল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহমুদুল হাসান (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার সকালে মহাসড়কের খাদিমপাড়া ৩ নম্বর রোডের মুখে হিলভিউ টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহমুদুল হাসান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার ঘোড়াশাল এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. ইব্রাহীম হোসেন। ঘটনাস্থলে মরদেহের পাশ থেকে উদ্ধার করা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় এক নারী সড়ক পার হচ্ছিলেন। তাঁকে পার হওয়ার সুযোগ দিতে গিয়ে মোটরসাইকেলচালক গতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান মাহমুদুল হাসান।
দুর্ঘটনায় আহত অপর ব্যক্তিকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় স্পিড ব্রেকার না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে বারবার দাবি জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
খবর পেয়ে শাহপরাণ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে প্রায় ৪০ মিনিট পর এলাকাবাসী অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
দুর্ঘটনা প্রতিরোধে ওই এলাকায় দ্রুত স্পিড ব্রেকার স্থাপনসহ প্রয়োজনীয় সড়ক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.