
সিলেট বিভাগে হাম ও হাম-উপসর্গে মৃত্যুর মিছিল থামছে না। এবার একদিনে প্রাণ হারিয়েছে আরও দুই শিশু। তাদের বয়স মাত্র ৮ ও ১১ মাস। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হাম-উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৯ জনে। শুক্রবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু দুটির মৃত্যু হয়। মারা যাওয়া শিশুরা হলো- হবিগঞ্জের নবীগঞ্জ সদর এলাকার রিহাম (১১ মাস) এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার রাফসান (৮ মাস)।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) বিভাগে নতুন করে ১০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬৭ জনে।
জেলাভিত্তিক পরিসংখ্যানে আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে সিলেট। এ জেলায় এ পর্যন্ত ৪৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ২১০ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জন আক্রান্ত হয়েছেন।
এদিকে, হাম ও হাম-উপসর্গ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ৫৪৯ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ২০৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২১ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৫০ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৩ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৩ জন ভর্তি রয়েছেন। অন্য রোগীরা বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর হাম ও হাম-উপসর্গে সিলেট বিভাগে মোট ২০৯ জনের মৃত্যু হয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৮৩ জন, সুনামগঞ্জে ৭৫ জন, হবিগঞ্জে ৩৪ জন এবং মৌলভীবাজারে ১৭ জনের মৃত্যু হয়েছে।
স্বল্প বয়সী দুই শিশুর মৃত্যুতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। হাম পরিস্থিতি মোকাবিলায় আক্রান্তদের দ্রুত শনাক্তকরণ ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি শিশুদের টিকাদানের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.