
একাত্তর ডেস্ক ::
সিলেটের কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে হানিট্র্যাপ চক্রের দুই নারীসহ চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে দুই ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেটের কানাইঘাট উপজেলার বাউরবাগ গ্রামের জুবায়ের আহমদ রাজুর স্ত্রী তানজিলা আক্তার প্রকাশ রাবেয়া বেগম তানহা (২৭), গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর গ্রামের আলাল উদ্দিনের ছেলে মো. আব্দুল জলিল (৩০), সিলেট নগরীর মিরাবাজার আগপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে জেসমিন আক্তার (২২) ও মোগলাবাজার থানার গঙ্গানগর এলাকার তোফাজ্জল আলীর ছেলে মো. জায়েদ আহমদ (৩৫)।
পুলিশসূত্র জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর মেন্দিবাগ পয়েন্ট এলাকা থেকে মাহমুদুল হাসান রিফাত (২৫) ও তার বন্ধু মাহফুজ আলী (২৫) নামের দুই যুবককে হানিট্র্যাপ চক্রের সদস্যরা কৌশলে প্রতারণার মাধ্যমে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায়।
পরে তাদের যতরপুর এলাকার নবপুষ্প-১১৩ নম্বর বাসার পঞ্চম তলায় নিয়ে জিম্মি করে। সেখানে চক্রের সদস্যরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন করে এবং অশ্লীল ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ১০ লাখ টাকা দাবি করে।
ভিকটিম রিফাত আত্মীয়-স্বজনের কাছ থেকে ৯০ হাজার টাকা এনে দেন। রিফাতের পরিবারের সদস্যদের বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা পুলিশকে খবর দেন। এর পরপরই অনুসন্ধানে নামে কোতোয়ালি মডেল থানা পুলিশ। তদন্তের পর থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকিরের নির্দেশে এসআই আনোয়ারুল ইসলাম পাঠানের নেতৃত্বে শুক্রবার ভোর ৪টা ২০ মিনিটে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে একটি প্রাইভেটকার, একটি সিএনজি অটোরিকশা, তিনটি মোবাইল ফোন এবং ভিকটিমদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আইফোন ১৪ প্রো ম্যাক্স ও আইটেল মোবাইল উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.