
মাতৃভাষা সংরক্ষণ ও চর্চায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে সিলেটে অনুষ্ঠিত হয়েছে চতুর্থ জাতীয় লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব। শুক্রবার নগরীর সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৭৭ শিক্ষার্থী অংশ নেয়।
সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অলিম্পিয়াডের সিলেট পর্ব উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অতিরিক্ত উপপরিচালক আবুল কালাম।
বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উপপরিচালক (অর্থ) শেখ শামীম ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সিলেট অঞ্চলের উপপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার এবং সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জায়েদা গুলশান সিদ্দিকা। অনুষ্ঠান সঞ্চালনা করেন অলিম্পিয়াডের সদস্যসচিব ও ইনস্টিটিউটের উপপরিচালক (প্রশাসন) ড. খিলফাত জাহান যুবাইরাহ্।
উদ্বোধনী পর্ব শেষে শুরু হয় মূল প্রতিযোগিতা। এতে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ‘ক’ বিভাগে ১৩৫ জন এবং দশম থেকে দ্বাদশ শ্রেণির ‘খ’ বিভাগে ১৪২ জন শিক্ষার্থী অংশ নেয়। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলে এক ঘণ্টার পরীক্ষা।
প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে প্রথম হয়েছে সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী দীপিকা রায়। ‘খ’ বিভাগে প্রথম স্থান অর্জন করেছে সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সামিয়া রহমান নুহা।
প্রশ্নোত্তর, উন্মুক্ত আলোচনা, মূল্যায়ন, ফলাফল ঘোষণা ও সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক আবুল কালাম। প্রতিযোগিতার ধারাবাহিকতায় সিলেট অঞ্চল থেকে দুই বিভাগে ১০ জন করে মোট ২০ জন জাতীয় পর্যায়ের অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ পাবে।
২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বিশ্বের মাতৃভাষাগুলোর সংরক্ষণ, চর্চা ও বিকাশে কাজ করছে। মাতৃভাষাবিষয়ক গবেষণার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ভাষাচর্চা ছড়িয়ে দিতে ২০২৪ সালে প্রথমবারের মতো লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড আয়োজন করে প্রতিষ্ঠানটি। এবার দেশব্যাপী চতুর্থবারের মতো এ আয়োজন করা হচ্ছে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.