প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ৭:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ৯:৫৪ অপরাহ্ণ
সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে মতিবিনময় ভারতীয় ভিসার মেয়াদ পাঁচ বছর করার দাবি ব্যবসায়ীদের

ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ এবং ব্যবসায়ীদের যাতায়াত সহজ করতে বিজনেস ভিসার মেয়াদ বাড়ানো ও একাধিক এন্ট্রি স্টেশন চালুর দাবি জানিয়েছেন সিলেটের কয়লা ও পাথর আমদানিকারক নেতারা। এ বিষয়ে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাসের সঙ্গে তাঁদের মতবিনিময় হয়েছে।
বৃহস্পতিবার রাতে নগরীর উপশহরের হোটেল রোজ ভিউ কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ যৌথভাবে সভার আয়োজন করে। এতে তামাবিল, শেওলা ও ভোলাগঞ্জ স্থলবন্দর এবং বড়ছড়া স্থল শুল্ক স্টেশনের আমদানিকারক নেতারা অংশ নেন।
সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি চন্দন সাহার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আতিক হোসেন। প্রধান অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। এ সময় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি (কমার্স সেক্রেটারি) ও অফিস সহকারীরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।
সভায় ব্যবসায়ীরা ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করা এবং ভিসায় অন্তত দুটি এন্ট্রি স্টেশন অনুমোদনের দাবি জানান। একই সঙ্গে স্থলবন্দরগুলো দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে প্রতিবছর বিটুবি সম্মেলন আয়োজনের বিষয়েও আলোচনা হয়।
ব্যবসায়ীদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভিসা ও বাণিজ্যসংক্রান্ত জটিলতা নিরসনে সহযোগিতার আশ্বাস দেন অনিরুদ্ধ দাস। তিনি জানান, কোনো ব্যবসায়ী এ ধরনের সমস্যায় পড়লে সংশ্লিষ্ট সংগঠনের প্যাডে লিখিত আবেদন করতে পারবেন। আবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া সীমান্ত এলাকার বাণিজ্যিক কার্যক্রম সরেজমিনে দেখতে পরিদর্শনের অঙ্গীকার করেন তিনি।
সভায় বক্তব্য দেন তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের আহ্বায়ক রফিকুল ইসলাম শাহপারান, ভোলাগঞ্জ পাথর আমদানিকারক গ্রুপের সহসভাপতি বশির আহমদ, তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি খসরুল আলম, সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের আন্তর্জাতিক সম্পাদক মো. আরিফ হোসেন, তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, এম. এ. হাসেম ও জুয়েল আমিন প্রমুখ। সভা শেষে অতিথি ও ব্যবসায়ীদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.