
ঐতিহাসিক ৭ নভেম্বরের রাজনৈতিক তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র, সাম্য, সামাজিক ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাসদ ও যুবজোটের নেতারা। শনিবার বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারের নজরুল একাডেমিতে সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাসদ ও বাংলাদেশ যুবজোট সিলেটের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান।
বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির আহমদের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন কবি ও প্রাবন্ধিক ডা. সরদার ফারুক। তিনি নব্বইয়ের গণআন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্যের অন্যতম নেতা এবং বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য।
সভা পরিচালনা করেন বাংলাদেশ জাসদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক নাজাত কবির ও বাংলাদেশ যুবজোট সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিহির কান্তি দাস। বক্তব্য দেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম শামীম, বাংলাদেশ যুবজোট সিলেট জেলা শাখার সভাপতি এইচ এম জাকারিয়া ও সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, সাম্যবাদী আন্দোলন সিলেট জেলা সমন্বয়ক মহিতোষ দেব মলয় ও জেলা সদস্য অ্যাডভোকেট রনেন সরকার রনি, বাসদ মৌলভীবাজারের সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস এবং বিপ্লবী কমিউনিস্ট লীগের সিলেট জেলা সদস্য ডা. হরিধন দাস।
বক্তারা বলেন, বৈষম্য, শোষণ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তাঁরা আরও বলেন, অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জনগণের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সব প্রগতিশীল, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় বাংলাদেশ জাসদ, বাংলাদেশ যুবজোট, সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটসহ বিভিন্ন প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.