
সুনামগঞ্জে পৃথক দুই মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা হলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সহকারী একান্ত সচিব এবং শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেন, ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।
বুধবার সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক নুরুল হক এবং জগন্নাথপুর আমলি আদালতের বিচারক মো. এমদাদ হোসেনের আদালতে পৃথকভাবে হাজির হয়ে তারা জামিন আবেদন করেন। শুনানি শেষে উভয় আদালতই তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আইনজীবীরা জানান, হাসনাত হোসেনের পক্ষে শফিকুল ইসলাম এবং রেজাউল করিম রিজুর পক্ষে নজরুল ইসলাম আদালতে শুনানিতে অংশ নেন। শুনানিতে বিভিন্ন রাজনৈতিক আইনজীবী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, সাবেক তিন সংসদ সদস্যসহ ৯৯ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়। ওই মামলায় সাবেক কয়েকজন পুলিশ কর্মকর্তাকেও আসামি করা হয়েছে। এ মামলার বাদী হাফিজ আহমদ, যিনি দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের বাসিন্দা। তিনি ২০২৪ সালের ৪ আগস্ট সুনামগঞ্জ পৌর শহরে ছাত্র-জনতার আন্দোলনে আহত জহুর আলীর বড় ভাই।
অন্যদিকে, ২০২৩ সালের ১৯ নভেম্বর জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুর, চুরি ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক মন্ত্রী এমএ মান্নান ও রেজাউল করিম রিজুসহ ৪৯ জনের বিরুদ্ধে পৃথক মামলা হয়। মামলাটি দায়ের করেন মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নূর।
আদালত দুই মামলায় জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.