স্পোর্টস ডেস্ক : :
এশিয়ান গেমস হকি বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩-২ গোলে হেরে গেছে বাংলাদেশ। যে দলের বিপক্ষে আগের পাঁচ দেখায় প্রতিবারই জয় পেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা, সেই প্রতিপক্ষের কাছেই এবার হারের তিক্ত স্বাদ নিতে হলো।
শুক্রবার ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে শ্রীলঙ্কা। ষষ্ঠ মিনিটেই গোল করে এগিয়ে যায় তারা। তবে ১৩তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে **আশরাফুল ইসলাম** গোল করে ম্যাচে সমতা ফেরান। প্রথম কোয়ার্টার শেষ হয় ১-১ ব্যবধানে।
দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় শ্রীলঙ্কা। ধারাবাহিক আক্রমণের ফল হিসেবে ১৬তম মিনিটে কুশল উইরাপ্পুলির গোলে আবারও এগিয়ে যায় তারা।
তৃতীয় কোয়ার্টারে গোল শোধে ব্যর্থ হয় বাংলাদেশ। শেষ কোয়ার্টারে ব্যবধান আরও বাড়িয়ে নেয় শ্রীলঙ্কা। ম্যাচের ৪৯তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে **আমিরুল ইসলাম** গোল করে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত সমতা ফেরানো সম্ভব হয়নি।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে বাছাইপর্ব শুরু করেছিল বাংলাদেশ। দুই ম্যাচে এক জয় ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে পুল ‘বি’-তে তৃতীয় স্থানে রয়েছে দলটি। অন্যদিকে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা।
প্রিলিমিনারি রাউন্ডে আগামী সোমবার উজবেকিস্তানের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
AD/একাত্তরের কথা
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.