হবিগঞ্জের লাখাই উপজেলায় মুরগি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে গুরুতর আহত ছোয়াব মিয়া ওরফে সইদা মিয়া (৪৫) ১১ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।
রোববার সকাল ১০টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর সকাল ১১টার দিকে উপজেলার লাখাই ইউনিয়নের শিবপুর (ঘাঘটিয়া) গ্রামে মুরগি নিয়ে বিরোধের জেরে ছোয়াব মিয়ার সঙ্গে একই গ্রামের আবু কালাম মিয়া (৪৫) ও তাঁর লোকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে ছোয়াব মিয়া মাথায় গুরুতর আঘাত পান।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত ছোয়াব মিয়া ওই গ্রামের মৃত বরজু মিয়ার ছেলে। অপরদিকে, এ ঘটনায় অভিযুক্ত আবু কালাম মিয়া মৃত ছিদ্দিক মিয়ার ছেলে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১১ দিন আগে মুরগি নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত ছোয়াব মিয়া আজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.