
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া সিলেট-আখাউড়া রেলপথে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। রেললাইনের বিভিন্ন স্থানে নাট-বল্টু ও স্লিপারের হুক না থাকা, পাথরের পরিবর্তে বালুর ব্যবহার এবং কয়েকটি স্থানে রেললাইন ঝুলে থাকার মতো অবস্থার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে রেলপথটি। এর সঙ্গে পুরোনো ইঞ্জিনের সক্ষমতা কমে যাওয়ায় বারবার মাঝপথে বিকল হচ্ছে ট্রেন। সংশ্লিষ্ট সূত্রের হিসাব অনুযায়ী, চলতি বছরে লাউয়াছড়া বনের ভেতরে অন্তত ২০ বার ট্রেনের ইঞ্জিন বিকল ও বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রেনের সময়সূচি বিপর্যয়ের পাশাপাশি বনের নির্জন এলাকায় আটকা পড়ে নিরাপত্তাহীনতায় পড়ছেন যাত্রীরা।
রেলওয়েসূত্রে জানা গেছে, ঢাকা ও চট্টগ্রাম থেকে সিলেট রুটে প্রতিদিন পারাবত, জয়ন্তিকা, পাহাড়িকা, উদয়ন, উপবন ও কালনী এক্সপ্রেস চলাচল করে। এসব আন্তনগর ট্রেনে প্রতিদিন প্রায় ২৫ থেকে ৩০ হাজার যাত্রী যাতায়াত করেন। তাঁদের চলাচলের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে লাউয়াছড়া বনের ভেতরের প্রায় আট কিলোমিটার দীর্ঘ পাহাড়ি রেলপথ।
জানা যায়, ১৮৯৮ সালে আসাম ও চট্টগ্রামের মধ্যে যোগাযোগ স্থাপনের লক্ষ্যে এ রেলপথ নির্মাণ করা হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কার্যকর সংস্কার ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে রেলপথটির বিভিন্ন অংশ নাজুক হয়ে পড়েছে। ১৯৯৭ সালে কমলগঞ্জের মাগুরছড়া গ্যাসকূপ বিস্ফোরণে রেলপথ ক্ষতিগ্রস্ত হলে সাময়িক মেরামত করা হয়েছিল। এরপর দীর্ঘদিন পর্যাপ্ত সংস্কার না হওয়ায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সম্প্রতি শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশনের মধ্যবর্তী লাউয়াছড়া অংশ ঘুরে রেলপথের বিভিন্ন স্থানে নানা ত্রুটি দেখা গেছে। রেললাইনের পাতের জোড়ায় চারটি নাট থাকার কথা থাকলেও কোথাও দুটি, কোথাও তিনটি রয়েছে। অনেক স্থানে নাট ক্ষয়ে গেছে। কিছু জায়গায় কাপড় ও তার দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে। একাধিক স্লিপারের হুক খোলা। রেললাইনের নিচে পাথরের পরিবর্তে কোথাও নামমাত্র বালু রয়েছে। কয়েকটি স্থানে রেললাইন ঝুলে থাকার মতো অবস্থাও দেখা গেছে। বনের ভেতরের ছোট-বড় ছয়টি সেতুর অবস্থাও নড়বড়ে।
রেলপথের দুরবস্থার পাশাপাশি ট্রেন চলাচলে ভোগান্তি বাড়াচ্ছে পুরোনো ইঞ্জিন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সিলেট রুটে ব্যবহৃত ২৯০০ ও ২৬১০ সিরিজের ইঞ্জিনগুলোর বয়স ১৮ থেকে ১৯ বছর। লাউয়াছড়ার উঁচু-নিচু ও ঢালু পথ অতিক্রম করতে গিয়ে এসব ইঞ্জিনের সক্ষমতা কমে যায়। ফলে মাঝপথে ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটছে।
এর সাম্প্রতিক উদাহরণ ১ ও ২ অক্টোবরের ঘটনা। ১ অক্টোবর রাতে কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। পরদিন ২ অক্টোবর পাহাড়িকা এক্সপ্রেসের হুক ছিঁড়ে নয়টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে প্রায় সাড়ে তিন ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল। এর আগেও চলতি বছরের বিভিন্ন সময়ে উপবন ও কালনী এক্সপ্রেস বনের ভেতরে আটকা পড়ে। কোনো কোনো ঘটনায় যাত্রীদের পাঁচ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।
রেলপথের বিভিন্ন স্থানে ত্রুটি ও ট্রেন চলাচলে বারবার বিঘ্ন ঘটলেও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাকে গুরুত্ব দিতে চান না রেলওয়ের কয়েকজন কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, লাইনের কিছু অংশে সাময়িক সমস্যা বা ত্রুটি থাকলেও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা নেই। তবে রেলওয়ে সূত্র বলছে, পাহাড়ি ঢাল অতিক্রমের জন্য অধিক সক্ষমতাসম্পন্ন ইঞ্জিন প্রয়োজন। পুরোনো ইঞ্জিন ও অতিরিক্ত বগির চাপের কারণে এ পথে ট্রেন বিকলের ঘটনা বাড়ছে।
রেলওয়ের শ্রীমঙ্গলের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মো. সাইফুল্লাহ বলেন, লাউয়াছড়া বনের ভেতরে উঁচু টিলা থাকায় ট্রেন ধীরগতিতে চলাচল করতে হয়। তাঁদের পক্ষ থেকে নিয়মিত রেললাইনে কাজ করা হয়।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান বলেন, চাহিদার তুলনায় দেশে ট্রেনের ইঞ্জিনের সংকট রয়েছে। দ্রুত এ সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
অতিরিক্ত মহাপরিচালক (রোলিংস্টক) ফকির মো. মহিউদ্দীন বলেন, নতুন ইঞ্জিনের অভাবে পুরোনো ইঞ্জিন দিয়ে ট্রেন পরিচালনা করতে হচ্ছে। এতে রেল চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পুরোনো ইঞ্জিন দিয়ে কাক্সিক্ষত গতি পাওয়া যাচ্ছে না। এ কারণে চলন্ত অবস্থায় ইঞ্জিন অকেজো হয়ে পড়ছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুত নতুন ইঞ্জিন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে সিলেট-আখাউড়া রেলপথের আধুনিকায়নের পরিকল্পনাও দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। ২০১৯ সালে আখাউড়া-সিলেট মিটারগেজ রেললাইনকে ডুয়েলগেজে রূপান্তরের জন্য ১৬ হাজার ১০৪ কোটি ৪৪ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ২০২৫ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রকল্পটির দৃশ্যমান অগ্রগতি নেই।
সব মিলিয়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সিলেট-আখাউড়া রেলপথের লাউয়াছড়া অংশ এখন যাত্রীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্টদের মতে, রেলপথের জরুরি সংস্কার, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং সক্ষমতাসম্পন্ন নতুন ইঞ্জিন সংযোজন করা না হলে যাত্রীদের দুর্ভোগ আরও বাড়তে পারে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.