একাত্তর ডেস্ক : :
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। তিনি র্যাবের ১২তম মহাপরিচালক হিসেবে শনিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
দীর্ঘ কর্মজীবনে আহসান হাবীব পলাশ বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি এপিবিএন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এবং সিলেট মহানগর পুলিশ (এসএমপি)-সহ বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর সদরদপ্তরে প্রশাসনিক ও তদন্ত কার্যক্রমে যুক্ত ছিলেন।
১৯৯৫ সালে বিসিএস ১৫তম ব্যাচের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তীতে পদোন্নতি পেয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেন।
পেশাগত জীবনে আন্তর্জাতিক পর্যায়েও অবদান রেখেছেন তিনি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদান-এ দায়িত্ব পালন করেছেন।
পুলিশ বাহিনীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-সেবা) অর্জন করেন।
শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) ও এমএসসি ডিগ্রি অর্জন করেছেন আহসান হাবীব পলাশ। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়ায় বিভিন্ন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন তিনি।
AD/একাত্তরের কথা
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.