
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে পরিবহনের সময় ৭৭ মণ ১০ কেজি ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া শুভ দাশ (৪৫) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে। রোববার দুপুরে আটক তিনজনকে হবিগঞ্জ জুডিশিয়াল আদালতে সোপর্দ করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- যশোরের শার্শা উপজেলার শ্রীকোনা গ্রামের মুজাহিদ (২৪), চৌগাছা উপজেলার হিজলী গ্রামের যোবায়ের (১৮) এবং সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর (হেমায়েত পাড়া) গ্রামের মারুফ আহমদ (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল উপজেলার জগদীশপুর গোলচত্বরে অবস্থান নেয়। সকাল ৯টা ৫০ মিনিটের দিকে পুলিশ জানতে পারে, সিলেট থেকে একটি হলুদ রঙের ট্রাকে ভারতীয় জিরা নিয়ে ঢাকার দিকে যাওয়া হচ্ছে। এরপর ট্রাকটির গতিবিধি অনুসরণ শুরু করে পুলিশ।
সকাল ১০টা ২০ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার এলাকায় ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সামনে ট্রাকটির গতিরোধ করা হয়। এ সময় ট্রাক থেকে নেমে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করে পুলিশ। তবে অপর একজন পালিয়ে যায়।
পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। অবৈধভাবে পরিবহনের অভিযোগে জিরাসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। জব্দ করা জিরার আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ টাকা।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মামলার বাদী পুলিশ পরিদর্শক সুখেন্দ্র সরকার জানান, আটক ব্যক্তিরা পরস্পর যোগসাজশে অবৈধভাবে ভারতীয় জিরা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.