একাত্তর ডেস্ক : :
মশা নিয়ন্ত্রণ কার্যক্রমে কর্মীদের উৎসাহিত করতে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানিয়েছেন, যাদের কাজের পারফরম্যান্স ভালো হবে, তাদের পুরস্কৃত করা হবে।
সোমবার গুলশান নগর ভবনে স্বাস্থ্য বিভাগের আয়োজনে সমন্বিত বাহক ব্যবস্থাপনা (আইভিএম) ও মৌলিক কীট নিয়ন্ত্রণ কৌশল বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
প্রশাসক বলেন, নগরবাসী যেন মশার উপদ্রব নিয়ে সিটি করপোরেশনকে দোষারোপ না করতে পারে, সে জন্য সংশ্লিষ্টদের সর্বোচ্চ আন্তরিকতা ও দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বাস্তবমুখী কাজের দক্ষতা বাড়ানোই এখন বেশি গুরুত্বপূর্ণ।
মশার কারণে নগরবাসীর ভোগান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, শতভাগ সফলতা না এলেও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো সম্ভব।
তিনি আরও বলেন, মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা ঘনিষ্ঠভাবে জড়িত। তাই পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা মশক নিয়ন্ত্রণ কৌশলে আরও দক্ষ হয়ে উঠবেন। এতে ব্যবহারিক জ্ঞানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহারের বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হবে।
AD/একাত্তরের কথা
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.