দশদিক ডেস্ক : :
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহার করে কোনো অভিযান পরিচালনা না করার জন্য স্পষ্ট বার্তা দিয়েছে ইতালি। দেশটির সিসিলি দ্বীপে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সিগোনেলা বিমান ঘাঁটি ব্যবহার করে মধ্যপ্রাচ্যে হামলা চালানো যাবে না বলে ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে রোম।
মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।
সূত্রগুলোর দাবি, বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচনা করছে ইতালি সরকার। এই প্রেক্ষাপটে তাদের ভূখণ্ড ব্যবহার করে কোনো সামরিক অভিযান পরিচালিত হলে তা আঞ্চলিক অস্থিতিশীলতা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতীয় নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক স্বার্থ বিবেচনায় নিয়েই প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
ভূমধ্যসাগরীয় অঞ্চলে অবস্থিত সিগোনেলা বিমান ঘাঁটি উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। ন্যাটো জোট ও যুক্তরাষ্ট্রের জন্য এটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ লজিস্টিক ও গোয়েন্দা নজরদারি কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। অতীতে বিভিন্ন সামরিক অভিযানে ঘাঁটিটির ব্যবহার থাকলেও বর্তমান পরিস্থিতিতে ইতালির এই অবস্থানকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এ বিষয়ে এখনো পর্যন্ত হোয়াইট হাউস বা পেন্টাগনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে বিশ্লেষকদের মতে, ইতালির এ সিদ্ধান্ত ন্যাটোর দুই মিত্র দেশের মধ্যে সাময়িক অস্বস্তির সৃষ্টি করতে পারে।
অন্যদিকে, ইতালির অভ্যন্তরীণ রাজনীতিতে এ সিদ্ধান্ত ইতিবাচকভাবে দেখা হচ্ছে। সাধারণ জনগণের একটি বড় অংশ দেশটিকে কোনো সরাসরি সামরিক সংঘাতে জড়াতে অনিচ্ছুক।
বিশ্লেষকদের মতে, সামরিক শক্তির পরিবর্তে কূটনৈতিক উদ্যোগের ওপর জোর দেওয়ার বার্তাই স্পষ্ট করেছে ইতালি। এখন দেখার বিষয়, এই অবস্থান যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলে কোনো পরিবর্তন আনে কি না।
AD/একাত্তরের কথা
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.