একাত্তর ডেস্ক
ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি খাতে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।
মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দু’দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি, যেমন সৌর ও জলবিদ্যুৎ খাতে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্মিলিত জিডিপি প্রায় ৫৯ ট্রিলিয়ন মার্কিন ডলার হলেও পারস্পরিক বাণিজ্যের পরিমাণ মাত্র ১ শতাংশের কাছাকাছি, যা সম্ভাবনার তুলনায় অত্যন্ত কম। এ পরিস্থিতিতে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা জরুরি।
তিনি আরও বলেন, কার্যকর অর্থনৈতিক অংশীদারিত্বের মাধ্যমে আঞ্চলিক সম্ভাবনাকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় স্বল্প দূরত্বে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করলে উভয় দেশই লাভবান হতে পারে বলে উল্লেখ করেন তিনি।
অন্যদিকে বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় খন্দকার আব্দুল মুক্তাদিরকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভুটানের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক ইতোমধ্যে বেশ সুদৃঢ় এবং তা আরও সম্প্রসারণে আগ্রহী তার দেশ।
রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের বুড়িমারি সীমান্ত থেকে ভুটানের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার হওয়ায় দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ভুটানের শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়ন করে দেশে ফিরে স্বাস্থ্যসেবায় অবদান রাখছে, যা দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ও বাড়াচ্ছে।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার এবং ভুটানের মিনিস্টার কাউন্সিলর (ট্রেড) দাওয়া শেরিং উপস্থিত ছিলেন।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.