যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামীকে পরাজিত করেছেন ডেমোক্রেট প্রার্থী অ্যামি অ্যাক্টন। এর মধ্য দিয়ে ২০ বছর পর অঙ্গরাজ্যটিতে প্রথমবারের মতো কোনো ডেমোক্রেট গভর্নর নির্বাচিত হলেন। একই সঙ্গে অ্যাক্টন ওহাইওর ইতিহাসে গভর্নর পদে নির্বাচিত প্রথম নারী।
উল্লেখ্য, গত প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে শক্তিধর মনোনয়ন প্রত্যাশী লিছেন বিবেক রামাস্বামী। তার নির্বাচনী প্রচারে এমন একটি বিজ্ঞাপন প্রচার করা হয়েছিল, যেখানে অ্যাক্টনের সঙ্গে বিচ্ছিন্ন সম্পর্ক থাকা তার মা তার সমালোচনা করেন। কয়েক দশক আগে অ্যাক্টনের মা তার সন্তানদের অভিভাবকত্ব হারান। কারণ, অ্যাক্টনের সৎবাবার বিরুদ্ধে শৈশবে অ্যাক্টনকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছিল। ওই বিজ্ঞাপন নিয়ে রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের নেতারাই সমালোচনা করেন। তাদের মধ্যে ছিলেন ওহাইওর রিপাবলিকান গভর্নর মাইক ডিওয়াইনও।
তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বিজ্ঞাপনটির প্রশংসা করেন। অন্যদিকে, ওহাইওর বাসিন্দা ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বিজ্ঞাপনটির পক্ষে অবস্থান নিয়েছিলেন। নির্বাচনী প্রচারে অর্থের দিক থেকে বড় ধরনের প্রতিকূলতা মোকাবিলা করতে হয়েছে অ্যাক্টনকে। রামাস্বামী ও তার সমর্থকরা নির্বাচনী প্রচারে বিপুল অর্থ ব্যয় করেন। শুধু ধনকুবের ইলন মাস্কই রিপাবলিকান প্রার্থীর সমর্থনে গঠিত একটি রাজনৈতিক অ্যাকশন কমিটিতে অন্তত ৫০ লাখ ডলার দিয়েছেন।
অন্যদিকে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক এবং করোনা মহামারির সময় অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক অ্যাক্টন তার প্রচারের মূল বিষয় করেন জীবনযাত্রার ব্যয় কমানো ও স্বাস্থ্যসেবায় মানুষের প্রবেশাধিকার বাড়ানো। শ্রমজীবী ও মধ্যবিত্ত ভোটারদের আকৃষ্ট করতে তিনি নিজের কঠিন শৈশবের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। ওহাইওতে জন্ম নেয়া অ্যাক্টন শৈশবের একটা সময় গৃহহীন ছিলেন। এমনকি এক শীত মৌসুমে তাকে তাঁবুতে বসবাস করতে হয়েছিল। ভোট গ্রহণের কয়েক ঘণ্টা আগে রামাস্বামী ভোটারদের প্রতি তার নির্বাচনী প্রতিশ্রুতির পক্ষে ভোট দেয়ার আহ্বান জানিয়েছিলেন। সম্পত্তি কর ও বিদ্যুৎ বিল কমানো, সাশ্রয়ী আবাসন এবং নিরাপদ সড়কের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হওয়ার পর এসব বাস্তবায়নে তাকে জবাবদিহির আওতায় রাখার আহ্বান জানান তিনি।
রামাস্বামী বলেছিলেন, এখন ভোট দিন কম সম্পত্তি কর, কম বিদ্যুৎ বিল, আরও সাশ্রয়ী বাড়ি এবং নিরাপদ সড়কের পক্ষে। আর আগামীকাল থেকেই এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমাকে জবাবদিহির আওতায় রাখুন। মেয়াদসীমার কারণে গভর্নরের দায়িত্ব ছাড়ছেন মাইক ডিওয়াইন। নির্বাচিত রাজনীতিতে প্রায় পাঁচ দশকের ক্যারিয়ার শেষে তার অবসরে যাওয়ার কথা রয়েছে।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.