
বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতা নিয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। অসুস্থতার কারণে শুক্রবার কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলা সফর বাতিল করেন তিনি।
সফরসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কোম্পানীগঞ্জে যাওয়ার পর হঠাৎ বুকে ব্যথা ও শরীর ঝিমঝিম অনুভব করেন মন্ত্রী। পরে পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করে তাঁকে সিলেট নগরীর আখালিয়ার মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে ভর্তি করা হয়।
মন্ত্রীর সফরসঙ্গী সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন। চিকিৎসকদের পরামর্শে তাঁকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।
সিলেট সিটি করপোরেশনের মেয়র থাকাকালে আরিফুল হক চৌধুরীর সাবেক জনসংযোগ কর্মকর্তা এবং বর্তমানে অস্ট্রেলিয়াপ্রবাসী সাংবাদিক শাহাব উদ্দিন শিহাব জানান, গত কয়েক মাস ধরে মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি নিয়ে মন্ত্রী টানা কাজ করছেন। শ্রমিক অসন্তোষ নিরসনেও তাঁকে কয়েক দিন দিন-রাত পরিশ্রম করতে হয়েছে।
শাহাব উদ্দিন শিহাবের ভাষ্য, ঢাকায় থাকতেই মন্ত্রী অসুস্থ বোধ করছিলেন। এরপরও সিলেটে নিজের নির্বাচনী এলাকার পূর্বনির্ধারিত সফর বাতিল করেননি। সফরকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পারিবারিক সূত্রে তিনি জানতে পেরেছেন, মন্ত্রী এখন অনেকটা সুস্থ বোধ করছেন।
এদিকে মন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তাঁর সুস্থতা কামনা করছেন শুভাকাক্সক্ষীরা।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.