শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক কেবল বিদ্যালয়ের শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। সময়ের ব্যবধানে শিক্ষার্থীরা জীবনের নানা পথে ছড়িয়ে পড়লেও শিক্ষকদের সঙ্গে তাদের আত্মিক বন্ধন অটুট থাকে। এই সম্পর্কে কখনো জোয়ারভাটা আসে না। এমন আবেগঘন উপলব্ধি ও স্মৃতিচারণের মধ্য দিয়ে সিলেটের বিয়ানীবাজারে অনুষ্ঠিত হয়েছে ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চবিদ্যালয়ের (ডিএম হাইস্কুল) এসএসসি ১৯৯৫ ব্যাচের শিক্ষক সম্মাননা ও অ্যালামনাই পুনর্মিলন।
বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে শনিবার বিয়ানীবাজারের লুৎফুর-নেহার মেমোরিয়াল গার্লস স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন করা হয়। ‘শিক্ষক, বন্ধু আর পরিবার; শ্রদ্ধা-সম্মোহন দুর্নিবার’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান ও প্রবাস থেকে সাবেক শিক্ষক, শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক চিরায়ত ও অচ্ছেদ্য। সব বৈষয়িক সম্পর্কের ঊর্ধ্বে এ বন্ধনের অবস্থান। একজন শিক্ষক আজীবন শিক্ষক এবং শিক্ষার্থীরাও আজীবন তার শিক্ষার্থী। সময়ের পরিবর্তন কিংবা ভৌগোলিক দূরত্ব কখনো এ সম্পর্কে ভাটা সৃষ্টি করতে পারে না। সাফিয়াতুর রহমান চৌধুরী রেকনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবির আহমদ চৌধুরী।
আয়োজনের সবচেয়ে আবেগঘন পর্ব ছিল সাবেক শিক্ষকদের সম্মাননা প্রদান। কৈশোর ও তারুণ্যের দিনগুলোতে যেসব শিক্ষক শিক্ষার্থীদের পথ দেখিয়েছেন, তাদের মধ্যে ১৫ জন জীবিত শিক্ষককে ক্রেস্ট ও উত্তরীয় দিয়ে সম্মানিত করা হয়। একই সঙ্গে প্রয়াত ১০ জন শিক্ষকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের পরিবারের সদস্যদের হাতে মরণোত্তর সম্মাননা তুলে দেওয়া হয়।
এমন আয়োজনে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত শিক্ষকরা। তারা বলেন, দীর্ঘ শিক্ষকতা জীবনে শিক্ষার্থীদের কাছ থেকে এমন হৃদয়স্পর্শী সম্মাননা পাওয়া তাদের জন্য বিশেষ প্রাপ্তি। এই পুনর্মিলনের মধ্য দিয়ে শুধু পুরোনো শিক্ষার্থীদের সঙ্গেই দেখা হয়নি, তিন দশক আগের সহকর্মীদের সঙ্গেও আবার মিলিত হওয়ার সুযোগ হয়েছে। অবসরজীবনে থাকা কয়েকজন শিক্ষক এমন আয়োজন জীবনে আবার হবে কি না, তা নিয়ে আক্ষেপ প্রকাশের পাশাপাশি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এর আগে সকালে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে থিম সংয়ের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী আয়োজন। দ্বিতীয় পর্বে পবিত্র কোরআন তিলাওয়াত, প্রয়াত শিক্ষক ও বন্ধুদের স্মরণে শোকপ্রস্তাব এবং দোয়া অনুষ্ঠিত হয়। এ ছাড়া সাবেক শিক্ষার্থী ও শিক্ষকদের স্মৃতিচারণ এবং প্রবাসে থাকা বন্ধুদের পাঠানো ভিডিও ও অডিও বার্তা অনুষ্ঠানে ভিন্ন আবহ তৈরি করে।
মধ্যাহ্নভোজের পর অ্যালামনাইদের সন্তানদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করা হয়। পরে র্যাফল ড্রয়ের মধ্য দিয়ে আয়োজনের আনুষ্ঠানিকতা শেষ হয়। অনুষ্ঠানে সম্মাননা গ্রহণ করেন শিক্ষক অমিয় ভূষন পাল, মো. নুরুল ইসলাম চৌধুরী, মকছুছুল আম্বিয়া চৌধুরী, মো. সরিফুজ্জামান চৌধুরী, মো. নজরুল হক, ফনি ভূষন পাল, মো. মহিউদ্দীন জাকারীয়া চৌধুরী, মো. মাহবুবুর রহমান চৌধুরী, অসীম চন্দ্র পাল, সালমা-ই হাফছা, রফিকুল ইসলাম, মো. আবদুল খালেক, মো. শাহ আলম খান ও মো. শিহাব উদ্দিন চৌধুরী। খন্দকার জসিম উদ্দিনের সম্মাননা স্মারক তার পক্ষে গ্রহণ করেন তার মেয়ে।
মরণোত্তর সম্মাননা দেওয়া হয় মহিউল ইসলাম জায়গীরদার, রশীদ আহমদ চৌধুরী, মাহবুবুর রহমান চৌধুরী, কাজী মুজিবুর রহমান খান, মো. আবদুল মতিন, মো. মসাহিদ আলী, মো. আবদুল ওয়াহিদ, মো. রফিকুল ইসলাম সেলিম, মো. আবদুল মান্নান শাহ ও মো. মুহিবুর রহমানকে।
ব্যাচের সাবেক শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন মুহাম্মদ নিজাম উদ্দিন খাঁ, রোমান আহমদ, খালেদ আহমদ, আফজাল সিদ্দিকী, মাতাব উদ্দিন, আবুল মনসুর চৌধুরী সুমন, সোহেল আহমদ, শরিফ আহমদ, জাকির হোসেন, শাহানুল আম্বিয়া চৌধুরী, তানভীর চৌধুরী শান্ত, শেখ এমরান আহমদ, রুহেল আহমদ, মিহির চৌধুরী, রেহান আহমদ, বিমল চন্দ্র পাল, মো. আজিজুর রহমান, আব্দুর রহমান ও মজনু মিয়া।
এ ছাড়া অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থী, তাদের পরিবারের সদস্য এবং বিভিন্ন পর্যায়ের অতিথিরা অংশ নেন। প্রবাসে থাকা অ্যালামনাইদের মধ্যে মোহাম্মদ সাইফুর রহমান বাবলু, হিরক উদ্দিন হিরু, মনসাদ হোসেন, মোহাম্মদ মহসীন, মুহাম্মদ দেলোয়ার হোসেন, আবু সুফিয়ান, মছরুজ্জামান ও ইমরান চৌধুরী রাজিব ভিডিও ও অডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান। পুরোনো দিনের স্মৃতি, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা আর বন্ধুদের পুনর্মিলনের মধ্য দিয়ে দিনটি অংশগ্রহণকারীদের কাছে হয়ে ওঠে আবেগ ও ভালোবাসার এক স্মরণীয় আয়োজন।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.