প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ৭:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ১২:১১ পূর্বাহ্ণ
বান্দের বাজার সেতুতে ফাটল, দুর্ঘটনার শঙ্কা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের বান্দের বাজার এলাকায় সিলেট-জগন্নাথপুর আঞ্চলিক সড়কের একটি গুরুত্বপূর্ণ সেতুতে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা সেতুটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করছে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা ও চালকেরা।
সিলেট ও জগন্নাথপুরের মধ্যে সরাসরি যোগাযোগের অন্যতম মাধ্যম এই সড়ক। জেলা সদর ও রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগের জন্যও প্রতিদিন বিভিন্ন ধরনের যানবাহন এ পথ ব্যবহার করে। সম্প্রতি বান্দের বাজারসংলগ্ন সেতুর মূল কাঠামোর বিভিন্ন অংশে ফাটল দেখা দেওয়ায় যান চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক ও বাস চলাচলের কারণে সেতুর ফাটল আরও বিস্তৃত হচ্ছে। সেতুটির বর্তমান অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন পথচারী ও যানবাহনের চালকেরা।
এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণ করা না হলে সেতুটি ধসে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেলে সিলেট ও জগন্নাথপুরের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ারও আশঙ্কা রয়েছে। এতে সাধারণ মানুষের যাতায়াতের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে।
বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই সেতুটি জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে বিকল্প পথে যান চলাচলের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তাঁরা। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, সেতুটিতে ফাটলের বিষয়টি তিনি শুনেছেন। দ্রুত ব্যবস্থা নিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলীকে নির্দেশনা দিয়েছেন। শিগগিরই কাজ শুরু হবে বলে আশা করছেন তিনি।
জগন্নাথপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী সোহরাব হোসেন বলেন, জগন্নাথপুর-সিলেট সড়কের সেতুতে ফাটলের বিষয়টি তাঁদের নজরে এসেছে। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.