
দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভায় মশা নিধনে কার্যকর উদ্যোগ না থাকার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, বর্ষা মৌসুম শেষ হওয়ার পর পৌর এলাকায় মশার উপদ্রব বেড়েছে অস্বাভাবিক হারে। কিন্তু নিয়মিত ওষুধ ছিটানো, পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য অপসারণে দৃশ্যমান তৎপরতা নেই।
স্থানীয়দের অভিযোগ, হাওরবেষ্টিত এ পৌর এলাকায় বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা জমে থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এসব বর্জ্যের স্তূপে মশার বংশবিস্তারও বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী নিয়মিত পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রম চালানোর কথা থাকলেও পৌর কর্তৃপক্ষ এ বিষয়ে উদাসীন।
পৌর শহরের বাসিন্দা মো. জুয়েল আহমেদ বলেন, ‘সন্ধ্যা তো দূরের কথা, এখন দিনের বেলাতেও ঘরে টেকা দায়। মশার কামড়ে ছোট বাচ্চাদের নিয়ে সবসময় আতঙ্কে থাকতে হয়। অথচ পৌরসভা থেকে কখন ওষুধ ছিটানো হয়েছে, তা আমাদের মনে পড়ে না।’
একই এলাকার গৃহিণী সেলিনা আক্তারের অভিযোগ, তাঁদের বাড়ির পাশের একটি খালি জায়গায় দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা জমে আছে। পৌর কর্তৃপক্ষ সেগুলো পরিষ্কার না করায় সেখানে মশার লার্ভা জন্ম নিচ্ছে। মশা তাড়াতে কয়েল জ্বালিয়েও কোনো ফল হচ্ছে না।
পৌর বাজারের ব্যবসায়ী সেন্টু মিয়া বলেন, ‘সারাদেশে ডেঙ্গু নিয়ে এত আলোচনা, অথচ পৌরসভায় মশা নিধনের কোনো উদ্যোগই দেখা যাচ্ছে না। এখনই ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো না হলে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে।’ বাজারের বর্জ্য আশপাশে ফেলে রাখায় দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি মশার বংশবিস্তারের পরিবেশ তৈরি হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় হলো মশার প্রজননক্ষেত্র ধ্বংস করা এবং এডিস মশার বিস্তার রোধ করা। পৌর এলাকায় নিয়মিত ওষুধ ছিটানো ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। শুধু রাজধানীতেই ডেঙ্গু হয়, এমন ধারণা ঠিক নয়। মফস্বল এলাকাতেও নিয়মিত পরিচ্ছন্নতা ও মশা নিধনে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
অভিযোগের বিষয়ে আজমিরীগঞ্জ পৌরসভার উপসহকারী প্রকৌশলী হাফিজুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল ও খুদে বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।
তবে পৌরসভার প্রশাসক জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা নিয়মিত মশা নিধন কার্যক্রম পরিচালনা করছি। এ-সংক্রান্ত ছবি ও তথ্য আমাদের দপ্তরে রয়েছে।’
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের সরকারি হিসাব অনুযায়ী, ডেঙ্গুতে দেশে ইতিমধ্যে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন আরও কয়েক হাজার আক্রান্ত ব্যক্তি।
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.